এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব। সিনেমাটি প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। ড্রামা ঘরানার এ সিনেমায় উঠে এসেছে রাজনৈতিক দর্শন। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি, এবার ‘‌এক্সক্লুসিভ’ হিসেবে মুক্তি পাচ্ছে চরকিতে।

মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত চরকি ফ্লিক ‘‌রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১৩ আগস্ট। একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফ্যামিলি ড্রামা ঘরানার এ সীমিত দৈর্ঘ্যের কনটেন্ট। চরকির এ অরিজিনাল কনটেন্টে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে এক ফ্রেমে দেখার সুযোগ পাবে দর্শক।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত চরকি ফ্ল্যাশ ফিকশন ‘‌ফাইসা গেছি’ মুক্তি পাচ্ছে ২০ আগস্ট। সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর অভিনীত কমেডি ঘরানার এ কনটেন্টে আরো অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু, করভী মিজান। একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়ার মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়েই এর কাহিনী চিত্র। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই ও ওটিটি প্লাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।

আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ ২৭ আগস্টে আসছে ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত ‘‌পেইন্ট অন ড্রাই লিফ’। ড্রামা ঘরানার এ কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ। এটি একটি অতিবাস্তব পৃথিবীর গল্প, যেখানে ভালোবাসা, আশা ও ধ্বংসের মুখেও মানুষের অদম্য টিকে থাকার ইচ্ছা ও লড়াইয়ের কথাই উঠে এসেছে।

আগস্টে চার কনটেন্ট মুক্তি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‌আগস্টের চার সপ্তাহে দর্শক চারটি ভিন্ন জনরার কাজ পেতে যাচ্ছে। কনটেন্টগুলো বেশ বৈচিত্র্যময়, যেমন এর মধ্যে রয়েছে রাজনৈতিক দর্শন, ড্রামা, কমেডি ধাঁচের গল্প। সেপ্টেম্বরে আবার ভিন্ন জনরার কনটেন্ট মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবে।’