ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সাফা কবির। বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সাফা কবির লিখেছেন, ‘বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।’

দেশের বাইরে কোনো চলচ্চিত্র উৎসবে শিল্পীরা নিজেদের কাজ ও দেশের প্রতিনিধিত্ব করতে গেলে তাদের সম্মান ও নিরাপত্তা পাওয়ার কথা উল্লেখ করে সাফা লিখেছেন, ‘একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা। অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’

শিল্পীদের রাজনীতির টানাপোড়েনে জড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাফা কবির। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির জঘন্য টানাপোড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাঁকে বারবার মূল্য দিতে হবে?’

এ ধরনের ঘটনার কারণে বিদেশে পুরো বাংলাদেশের মানুষকে নেতিবাচকভাবে দেখার আশঙ্কার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। সাফা লিখেছেন, ‘আরও কষ্ট হয় যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাফা বলেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান।’