চলতি বছরের মাঝামাঝি সময়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন মামনুন হাসান ইমন ‘আগামীকাল’ সিনেমার মধ্য দিয়ে। এর তিন মাস পর মুক্তি পায় ইমনের ‘বীরত্ব’। দুটি সিনেমার জন্যই প্রশংসা পেয়েছিলেন এ অভিনেতা। বছরের শেষে নতুন সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘কাগজ’। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে এটি। যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা কাগজ। গত মাসেই সেন্সরে ছাড়পত্র পেয়েছে এটি। থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা।
সিনেমাটি নিয়ে বণিক বার্তাকে ইমন বলেন, ‘এ সিনেমায় থ্রিলের সঙ্গে রোমান্টিসিজম রয়েছে। এতে আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। একজন লেখকের ভাবনায় তার দর্শন উঠে এসেছে এ সিনেমায়। বাংলাদেশের বিখ্যাত একজন লেখকের ভূমিকায় অভিনয় করার চ্যালেঞ্জটা আমাকে নিতে হয়েছে। লেখককে তার জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, পর্দায় সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমার বিশ্বাস, দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’
বর্তমান সময়ে দেশের সিনেমাগুলো বিদেশেও মুক্তি পাচ্ছে। কাগজ দেশের বাইরেও মুক্তি পাবে কিনা জানতে চাইলে ইমন বলেন, ‘এ সিনেমা মুক্তির আগেই অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে। এমনকি কিছু আন্তর্জাতিক পুরস্কারও জিতেছে। এখনো কথা চলছে কয়েকটি চলচ্চিত্র উৎসবে যাওয়ার জন্য।’
নির্মাতা আলী জুলফিকার জাহেদী তার প্রথম সিনেমা নিয়ে বলেন, ‘মুক্তির আগেই কাগজ কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিলনাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার গল্প বলেছি এ সিনেমায়। আমি আশাবাদী সিনেমাটা নিয়ে। এটি আমার স্বপ্নের প্রজেক্ট। সবাই এর জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কাগজের গল্প, চিত্রনাট্য তৈরি ও প্রযোজনা করেছেন জুলফিকার নিজেই।
সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। এছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাবনাজ সাদিয়া ইমি, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।










