দেশের গুণী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে জ্যোতিকা জ্যোতির। ছোট পর্দা ও বড় পর্দা দুই ধারায়ই সাবলিল এ অভিনেত্রী। বছরজুড়ে অভিনয় নিয়েই ব্যস্ততা তার। নতুন বছরে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। সিনেমার নাম আগুনের পাখি, পরিচালনায় রয়েছেন আউয়াল চৌধুরী।

বিষয়টি বিস্তারিত জানতে বণিক বার্তার সঙ্গে কথা হয় জ্যোতিকা জ্যোতির। অভিনেত্রী বলেন, ‘‌সত্য ঘটনা অবলম্বনে আমার আসন্ন সিনেমাটি হতে যাচ্ছে। নির্মাতা আউয়াল চৌধুরীর লেখা উপন্যাস ‘আগুনের পাখি’ থেকেই এটি সিনেমায় রূপ নিচ্ছে। উপন্যাসের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। নারীদের সাহসিকতা ও আত্মমর্যাদার গল্প নিয়েই এটি। গল্পটা ভালো লেগেছিল বলেই এর সঙ্গে যুক্ত হলাম। আমার মনে হয়েছে গল্পটা খুবই সময়োপযোগী।’ 

সিনেমার শুটিং প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের মাঝামাঝি সময় এর শুটিং হবে বলে আশাবাদী তিনি। শুটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। সিনেমার চরিত্র এবং বিস্তারিত বিষয় নিয়েও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব জ্যোতিকা জ্যোতি। তাই তার ফেসবুক প্রোফাইলজুড়ে কাজ আর ব্যক্তিজীবনের নানা বিষয় থাকে। সম্প্রতি এ অভিনেত্রী তার আসন্ন সিনেমায় ডাবিংয়ের একটি পোস্ট করেন। সামনে নতুন কোনো সিনেমা আসতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‌নতুন একটি সিনেমার কাজ শেষ করেছি কিছুদিন আগে। এটি হলো সাইফুল ইসলাম মান্নুর পরিচালিত অনাবৃত। এ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছি এ মাসে। অন্যদিকে গত মাসেই আমরা অনাবৃত সিনেমার শুটিং করেছি।’ 

২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। পরবর্তী বছরেই সারাহ বেগম কবরীর পরিচালিত সিনেমা ‘‌আয়না’য় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন জ্যোতি। পরবর্তী সময়ে একের পর এক সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ‘‌লাল মোরগের ঝুঁটি’।