দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। তাদের ‘ছারপোকা’, ‘ধুলোবালি’ ও ‘আমারে আমার হতে দিল না’-এর মতো একাধিক গান পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। যেকোনো কনসার্টে তাদের গান শুনতে মুখিয়ে থাকে তরুণরা। এই সময়ে এসে ডিজিটাল মাধ্যমেও অ্যাশেজের জনপ্রিয়তা তুঙ্গে। অ্যাশেজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ডিজিটাল মাধ্যমে দর্শকের ভালোবাসার প্রমাণ। বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে অ্যাশেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে অর্জন হিসেবে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন চলে এসেছে অ্যাশেজের কাছে।
নতুন এ অর্জন নিয়ে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। বাংলাদেশের প্রথম কোনো ব্যান্ডের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ওয়ান মিলিয়ন ছাড়াল। শ্রোতাদের ভালোবাসায় আজ আমরা এখানে। তাদের ভালোবাসার প্রমাণ স্বরূপ ইউটিউবে আমাদের এই অর্জন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সামনে আমাদের নতুন অ্যালবামের গান আসছে।’
অ্যাশেজের একাধিক গান পেয়েছে দর্শকের ভালোবাসা। সারা বছর দেশ ও দেশের বাইরে কনসার্টে ব্যস্ত থাকে অ্যাশেজ। কনসার্ট নিয়ে ব্যান্ডটির পরিকল্পনা জানতে চাওয়া হয় অ্যাশেজের অন্যতম সদস্য তৌফিক আহমেদ বিজয়ের কাছে। তিনি বলেন, ‘আমরা দেশের প্রায় সব জেলায় কনসার্ট করেছি। বলা যায় আমরা ৭৫ শতাংশ জেলায় গেছি। হাতেগোনা আর কয়েকটি জেলায় কনসার্ট করলে সব জেলা ঘোরা হবে অ্যাশেজের। সব জেলায় শো করলে এটা অ্যাশেজের নতুন একটা অর্জন হবে। কারণ বাংলাদেশের প্রথম কোনো ব্যান্ড সব জেলায় কনসার্ট করবে আর সেটা হবে অ্যাশেজ। এখন আমরা কনসার্ট করার ক্ষেত্রে প্রায়োরিটি হিসাব করব। যে জেলাগুলোয় আমরা শো করিনি সেই জেলাগুলো এখন বেশি গুরুত্ব পাবে।’ আসন্ন কনসার্ট নিয়ে জানতে চাইলে বিজয় বলেন, ‘আগামী ২৭ জুন ঢাকা সিটি কলেজে আমাদের একটি কনসার্ট রয়েছে। এছাড়া আগামী ২ জুন রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টার হলে অ্যাশেজের একটি কনসার্ট হতে যাচ্ছে।’
অ্যাশেজের কনসার্টের ধরন জানতে চাইলে জুনায়েদ ইভান বলেন, ‘আমরা দেশে বিভিন্ন রকমের নিয়মিত কাজ করছি। নদী রক্সে গান করছি জলবায়ু ইস্যু নিয়ে। যখন কনসার্টে বিভিন্ন জেলা থেকে শ্রোতা আসেন অনেক বেশি ভালো লাগে। আমরা কনসার্টেই থাকি আসলে। আমরা সরাসরি কনসার্টে শ্রোতাদের যে ভালোবাসা দেখি ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।’
গত বছর প্লেব্যাক গান নিয়ে নতুন যাত্রা করেছে অ্যাশেজ। জয়া আহসান অভিনীত ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছে তারা। এ গানের মাধ্যমে প্লেব্যাকে যাত্রা করেছে ব্যান্ডটি। নতুন কোনো প্লেব্যাক আসছে কিনা জানতে চাইলে ইভান বলেন, ‘আমরা একটি সিনেমায় কাজ করছি। এটি বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সিনেমা। নাম অন্তর্জাল। এ সিনেমায় আমরা গান করছি। এটি ঈদুল আজহায় মুক্তি পাবে।’
বর্তমানে তৃতীয় অ্যালবামের পরিকল্পনা করছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ১৮ মে মুক্তির কথা ছিল তাদের আসন্ন অ্যালবামটির প্রথম গান, শিরোনাম ‘কলকাতা শহরে’। তবে সম্প্রতি অ্যাশেজের পক্ষ থেকে জানানো হয় গানটি প্রকাশে আর কিছুদিন সময় লাগবে। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। যেখানে উঠে আসছে কলকাতা শহরের চালচিত্র। ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, ‘গানটায় কলকাতা শহরের যে সংস্কৃতি, তার একটা ছাপ রয়েছে। নকশাল, সমরেশ মজুমদার, জলপাইগুড়ি, অঞ্জন দত্ত, ধর্মতলা—এমন অনেক বিষয় রয়েছে।’ চলতি বছরের মার্চেই দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে অ্যাশেজ। অ্যালবামের নাম ‘অন্তঃসারশূন্য’। অ্যালবামটি প্রকাশ উপলক্ষে একটি সোলো কনসার্টের আয়োজন করে ব্যান্ডটি। দীর্ঘ নয় বছর পর অ্যালবামটি প্রকাশ করে অ্যাশেজ।
অ্যাশেজের দ্বিতীয় অ্যালবাম আসতে নয় বছর সময় লেগে গেলেও এর মাঝে তারা নিয়মিত গান প্রকাশ করে গেছে, যেগুলো পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। আর তৃতীয় অ্যালবামের আগমন অ্যাশেজ ভক্তদের জন্য নতুন উপলক্ষ।
অন্যদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাইয়ে প্রথম বাংলাদেশী হিসেবে আমন্ত্রিত হয়ে দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইভান। ওই সময় স্পটিফাইয়ের কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান।










