দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতাদের কাছেও আস্থার নাম হয়ে উঠেছেন এ অভিনেতা। তবে অভিনয়ের বাইরে গানের প্রতিও তার রয়েছে গভীর আগ্রহ। ভালো গানও গাইতে পারেন তিনি। এবার নিজের কণ্ঠে গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন অপূর্ব।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবারই প্রথম একক সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করবেন তিনি। নিউইয়র্কের জ্যামাইকা এভিনিউর জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে অপূর্বর জীবনের প্রথম একক সংগীত সন্ধ্যা। আজ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টার এ আয়োজনে গান পরিবেশন করবেন তিনি।
বছরের একটি নির্দিষ্ট সময় স্ত্রী ও কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অপূর্ব। সেই সময়টাকেই কাজে লাগিয়ে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে গান করেছেন অপূর্ব, নাটকের সূচনা সংগীতেও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে নিজের একক পরিবেশনায় এবারই প্রথম শ্রোতাদের সামনে আসছেন এ অভিনেতা।
অনুষ্ঠানে নিজের গাওয়া গানের পাশাপাশি বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের জনপ্রিয় গানও পরিবেশন করবেন অপূর্ব। পাশাপাশি থাকছে আরো কিছু চমক। তবে সেগুলো এখনই প্রকাশ করতে চান না তিনি।
অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের যে সাড়া পাচ্ছেন, তাতে বেশ মুগ্ধ অপূর্ব। এ প্রসঙ্গে তিনি জানান, প্রথম একক সংগীত সন্ধ্যাকে ঘিরে অনুষ্ঠানের আগেই তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, যাতে তিনি মুগ্ধ। তবে সবকিছু ঠিকঠাক মতো হবে কিনা এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায়ও আছেন তিনি।
শ্রোতাদের গানে গানে মুগ্ধ করার প্রত্যাশার কথা জানিয়ে অপূর্ব বলেন, ‘আশা করছি, যারা অনুষ্ঠানে আসবেন তাদের গানে গানে মন ভরিয়ে দিতে পারব। কারণ গান গাইতে সত্যিই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর যদি সামনে প্রবল আগ্রহী শ্রোতারা থাকেন তখন তো আরো বেশি ভালো লাগে। গান, গল্প আর জমজমাট আড্ডায় অসীম সম্ভাবনার শহর নিউইয়র্কে কাটবে দারুণ একটি সন্ধ্যা। আশা করছি, আজ দেখা হচ্ছে সবার সঙ্গে।’
নিজের এ নতুন যাত্রায় অনুপ্রেরণা দেয়ার জন্য কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপূর্ব বলেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা বিশ্ব দা, ফাহমিদা আপার প্রতি আমাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য। আপনাদের এ অনুপ্রেরণা আমার চলার পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’










