নব্বই দশকের আলোচিত ও ব্যবসাসফল ছবির পরিচালকদের মধ্যে অন্যতম মনোয়ার খোকন। খ্যাতিমান এ পরিচালক গতকাল পরপারে পাড়ি জমিয়েছেন। ১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনোয়ার খোকন। তার পরিচালিত ‘স্বামী কেন আসামী’ ছিল ব্যাপক জনপ্রিয়। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সে সময় ছবিটি ৭ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। তার পরিচালিত ‘মেয়েরাও মানুষ’ ছবিটিও তাকে একটি বিশেষ স্থানে পৌঁছে দিয়েছিল।
নব্বই দশকে চলচ্চিত্রের জমজমাট দিনে চলচ্চিত্র পরিচালনায় এসে সাফল্য লাভ করেন মনোয়ার খোকন। তার হাত ধরে ঢালিউড পেয়েছে ব্যবসাসফল বহু চলচ্চিত্র। তার নির্মাণে সাধারণত প্রাধান্য পেয়েছে বাঙালি নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, সাংসারিক দুঃখ-ভালোবাসা। মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংসারের সুখ দুঃখ’,
‘লক্ষ্মীর সংসার’,
‘ঘাত প্রতিঘাত’,
‘একটি সংসারের গল্প’,
‘স্বপ্নের পুরুষ’,
‘কসম বাংলার মাটি’,
‘মায়ের হাতের বালা’,
‘জিদ্দি’,
‘বাংলাভাই’
ও ‘পাওয়ার’। পাওয়ার ছিল তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র।











