লম্বা সময় পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা। এর নাম ‘স্পর্শ’। পরিচালনার ভার বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্তের কাঁধে। স্পর্শে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর তার বিপরীতে থাকবেন বাংলাদেশের নিরব হোসেন। এতে আরো অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। এ সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী আরিয়ানা জামানের। অসম বয়সের এক ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই এর গল্প। প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মিত হবে স্পর্শ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং স্পট থেকে ভিডিও বার্তায় অভিনীত স্পর্শর গল্প শোনালেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢাকার চিত্রনায়ক নিরব হোসেন। ঋতুপর্ণা বললেন, ‘স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিতে স্পার্শ হোক আর বাংলা স্পর্শ হোক। আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। আমার মনে হয় এবারের অনুভূতিটা আরো বড়।’
দুই বাংলার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘ভারত আর বাংলাদেশের বিভাজনটা আমি একদম মানি না। আমার মনে হয়, আমরা সবাই এক। সে জন্য স্পর্শটা এখানে অনেক গভীর। যে সিনেমা আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। নিরব তো সুপারস্টার বাংলাদেশের আর এ দেশটার সঙ্গে আমারও ভীষণ ভালো সম্পর্ক। তাই যখনই বাংলাদেশের ছবির কথা হয়, আমি কখনই না বলতে পারি না।’
একই ভিডিও বার্তায় নিরব বলেন, ‘ঋতুপর্ণাকে ধন্যবাদ। সে বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায়ই জনপ্রিয়। আমাদের দেশ ও কলকাতায় অনেক সুপারহিট ছবি যার ঝুলিতে রয়েছে। বেশকিছু ছবি তো চরম লেভেলের সুপারহিট। তার সঙ্গে কাজ করছি। খুবই ভালো লাগছে। কলকাতার দর্শকদের আমার পক্ষ থেকে ইনভাইটেশন থাকছে হলে গিয়ে দেখার জন্য।’
নিরবের কথা টেনে ঋতুপর্ণা বললেন, ‘আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক এবং বহু সুপারহিট ছবি উপহার দিয়েছি। সুপারহিট নায়কদের সঙ্গে কাজ করেছি এবং নিরবও সুপারহিট একজন নায়ক, যার সঙ্গে এখন কাজ করছি। বাংলাদেশের সঙ্গে আমার যে দীর্ঘদিনের সম্পর্ক, আমি সত্যিই উপভোগ করি।’
গত নভেম্বরে স্পর্শ সিনেমাটির ঘোষণা আসে। ঘোষণার পরই এ সিনেমা নিয়ে কথা হয় নিরবের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথমেই আমি বলব, স্পর্শের গল্পটা অনেক সুন্দর। সিনেমাটা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আর সবচেয়ে বড় কথা অনেক দিন পর জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শণ, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে জয়েন্ট ভেঞ্চার সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে আমারও মনে হয়, স্পর্শ তেমনই একটি প্রজেক্ট হবে।’
নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হয়ে আসছে। ‘পদ্মা নদীর মাঝি’, ‘হঠাৎ বৃষ্টি’ কিংবা ‘মনের মাঝে তুমি’-এর মতো দুর্দান্ত সিনেমা এ দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে। এছাড়া বর্তমান সময়ের ডিজিটাল যুগে বাংলাদেশের কনটেন্টের কদর বেড়েছে ওপার বাংলায়। এবার দেখার পালা ঋতুপর্ণা-নিরব জুটি পর্দায় দর্শকের মন কতটা জয় করতে পারেন।










