টেলিভিশন নাটক নির্মাণে ২৫ বছর পূর্ণ করলেন চয়নিকা চৌধুরী। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার পেছনে যাত্রা করেন তিনি। আড়াই দশকের এ পথচলায় নির্মাণ করেছেন চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক। পরিচালনায় ২৫ বছর পূর্তির বিশেষ আয়োজন হিসেবে এবার চারটি ভিন্ন ঘরানার নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন এ পরিচালক। গতকাল দেশের চারটি টেলিভিশন চ্যানেলে আলাদাভাবে প্রচার হয়েছে কাজগুলো। টেলিভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউবেও দেখা যাচ্ছে এসব নাটক ও টেলিছবি।

আয়োজনের অন্যতম কাজ চ্যানেল আইয়ের টেলিছবি ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার ব্যানারে নির্মিত হয়েছে এটি। ১৫ বছর পর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে পুরনো পরিচিত এক নারীর আকস্মিক দেখা এবং এরপর সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, মোশাররফ করিম, ফারজানা ছবি, রিয়া ও রোজি সিদ্দিকী।

মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়েছে বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’। একটি দুর্ঘটনার সূত্র ধরে আয়েশার সঙ্গে আরিয়ানের পরিচয়, প্রেম এবং বিয়ের প্রস্তাবের পর আয়েশার হঠাৎ উধাও হয়ে যাওয়ার রহস্য নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর। বৈশাখী টিভিতে প্রচার হয়েছে লেজার ভিশন প্রযোজিত ‘জোছনায় ফেরা’। শফিকুর রহমান শান্তনুর রচনায় একটি মোবাইল মেসেজকে কেন্দ্র করে দাম্পত্যে সন্দেহ ও দূরত্ব এবং বিশ্ববিদ্যালয়জীবনের পুরনো ক্রাশের আগমন নিয়ে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার। এটিএন বাংলায় প্রচার হয়েছে ‘বিষণ্ন মেঘ’। চয়নিকা চৌধুরীর দেখা সত্য ঘটনা অবলম্বনে ইফফাত আরেফিন তন্বীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান ও ডলি জহুর।