বিশ্বের নানা দেশের শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসেম স্ট্রিট। এবার সিসেম স্ট্রিটের সিনেমার স্বত্ব পেল নেটফ্লিক্স। বিলিয়ন ডলার আয় করা লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং আলাদিনের প্রযোজনা প্রতিষ্ঠান রাইডব্যাক প্রযোজনা করবে সিনেমাটি।
রাইডব্যাক এরই মধ্যে শিশুতোষ অনুষ্ঠানটির নেপথ্য প্রতিষ্ঠান সিসেম ওয়ার্কশপের সঙ্গে একটি অ্যানিমেশন প্রকল্পে কাজ করেছে। সিসেম স্ট্রিট মূলত বিগ বার্ড, বার্ট ও আর্নি, গ্রোভার, অস্কার দ্য গ্রাউচ, কুকি মনস্টার এবং এলমোর মতো জনপ্রিয় চরিত্রগুলোর জন্য পরিচিত।
এর আগে সিরিজটি থেকে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে—১৯৮৫ সালে ‘ফলো দ্যাট বার্ড’ ও ১৯৯৯ সালে দি অ্যাডভেঞ্চারস অব এলমো ইন গ্রউচল্যান্ড। ফলো দ্যাট বার্ড চলচ্চিত্রে অভিনয় করেছিলেন জন ক্যান্ডি, চেভি চেজ ও ডেভ থমাস। ছবিটি বিতরণ করেছিল ওয়ার্নার ব্রাদার্স।
নেটফ্লিক্সের স্বত্ব পাওয়ার খবরটি প্রথম প্রকাশ করে দি ইনসাইডার নিউজলেটার। এ বিষয়ে প্লাটফর্মটি কোনো মন্তব্য করেনি।
তবে এই চুক্তির মাধ্যমে সিসেম স্ট্রিট এখন পুরোপুরি নেটফ্লিক্সের আওতায় চলে এল। কারণ, ২০২৫ সালের মে মাসে স্ট্রিমিং প্রতিষ্ঠানটি সিরিজটির টেলিভিশন সম্প্রচার স্বত্বও অর্জন করেছিল।
সূত্র: দি হলিউড রিপোর্টার










