ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। এ সময়ে এসে ওটিটি প্লাটফর্মেও দাপিয়ে কাজ করছেন তিনি। এ ঈদে ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করছেন নিশো। বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এ সিনেমায় নিশোর বিপরীতে থাকছেন তমা মির্জা। এরই মধ্যে নির্মাতা ঘোষণা দিয়েছেন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এর প্রচারণার অংশ হিসেবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশো ও তমা মির্জার লুক প্রকাশ করেছেন নির্মাতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‌আমাদের মাসুদ আর ময়না। “‍সুড়ঙ্গ” আসছে... দেখা হবে সিনেমা হলে।’ সিনেমাটি নিয়ে জানতে চাইলে বণিক বার্তাকে রায়হান রাফী বলেন, ‘‌শুটিং শেষ, এখন চলছে পোস্ট প্রডাকশনের কাজ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সিনেমার ট্রেলার, পোস্টার ও গান রিলিজ দেব। কোরবানির ঈদে সুড়ঙ্গ মুক্তি দেয়ার ইচ্ছা আছে। আমার বিশ্বাস যারা গত বছর পরাণ ভালোবেসেছেন, তারাই আমার এ সুড়ঙ্গ দেখবে। দর্শকদের আরো ভালো কিছু উপহার দিতে চাই। এ চেষ্টা থেকেই সুড়ঙ্গের নির্মাণ। বাকিটা দর্শক বিচার করবে। আমি বিশ্বাস করি, সিনেমাটা দর্শকের ভালো লাগবে।’ 

এ সিনেমায় নিশোকে দেখা যাবে মাসুদ চরিত্রে। অন্যদিকে ময়না থাকবেন তমা। সুড়ঙ্গের ফার্স্ট লুক প্রকাশের পরই নেটিজেনদের প্রশংসা পাচ্ছে। এতে দেখা যায়, নব্বই দশকের একটি ছবি তোলার স্টুডিও। সে সময় স্টুডিওতে প্রেমিক-প্রেমিকা যেভাবে ছবি তুলতেন, সেভাবেই তারা দাঁড়িয়ে আছেন। নিশোর গায়ে পুরনো মডেলের ঢিলে ঢালা একটি শার্ট আর মাথায় তেল দিয়ে চিরুনি করে তমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আর তমা মির্জা নিষ্পাপ দৃষ্টি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

সিনেমাটি সম্পর্কে নিশো বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা তাই অবশ্যই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। আমরা অনেক কষ্ট করেছি সিনেমাটার জন্য। প্রত্যেকের অনেক পরিশ্রম হলেও ভিজুয়ালি দর্শক উপভোগ্য, রুচিশীল ও মার্জিত কিছু দেখতে পাবে।’

ফার্স্ট লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তমা মির্জা। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘কারো কাছে তিনি বস, কারো কাছে তিনি ভাই, আর ময়নার সে মাসুদ ‌সুড়ঙ্গ সিনেমায়।’

আসন্ন সিনেমাটি নিয়ে তমা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা একটু ট্রিকি। নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার কাজটাকে সহজ করে দিয়েছেন।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে রাফী বলেন, ‘আমরা সিলেট ও চট্টগ্রামের দুর্গম অঞ্চলে সিনেমাটার শুটিং করেছি। সুড়ঙ্গের ফার্স্ট লুক দেখলেই দর্শক বুঝবে আমাদের জন্য শুটিং করাটা কতটা কঠিন ছিল। এ রকম আইডিয়া নিয়ে সাধারণত সিনেমা হয় না। মাটির নিচে অনেকটা জায়গাজুড়ে আমাদের সুড়ঙ্গ করতে হয়েছে। এর মধ্যে শুটিং করাটা সবার জন্যই কঠিন ছিল।’

গত মার্চে রায়হান রাফীর সিনেমার শুটিং শুরু হয়েছিল। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক জায়গায়ই শুটিং হয়েছে সিনেমাটির। গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা রায়হান রাফী পরিচালিত পরাণ। এরপর গত ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাফীর ‘দামাল’। এটি দর্শকের ভালোবাসা পায়। রায়হান রাফী এর আগে পোড়ামন ২, দহন ও পরাণ নির্মাণ করেছেন।