মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। আগামীকাল ভারতব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৬ ডিসেম্বর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয়েছে হাওয়ার প্রদর্শনী। সেখানেও প্রশংসা পেয়েছে এ সিনেমা।
ভারতব্যাপী হাওয়ার মুক্তি নিয়ে মেজবাউর রহমান সুমন বণিক বার্তাকে বলেন, ‘বাংলা সিনেমা ভারতবর্ষে মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের এবং তা হচ্ছে হাওয়া সিনেমা দিয়ে, যা এ টিমের সবার জন্য অনেক আনন্দের। আমাদের দেশের সিনেমাগুলো কলকাতায়ই মুক্তি দিতে পারি না, সেখানে ভারতের অন্য প্রদেশগুলোয় সিনেমাটি দেখা যাবে, এ অনেক বড় ব্যাপার। বাংলা ভাষাভাষীদের পাশাপাশি হাওয়া ভিন্ন ভাষার মানুষের কাছে পৌঁছে দেয়ার একটা সুযোগ হয়েছে। যেমন পুরো প্যান ইন্ডিয়া বলতে এটা মুম্বাই, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোয়ও মুক্তি পাচ্ছে। এছাড়া আমরা বিশ্বের বিভিন্ন দেশেও হাওয়া নিয়ে গিয়েছি, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। তাছাড়া হাওয়া অন্য ভাষায় ডাবিং করেও মুক্তির পরিকল্পনা চলছে। সিনেমাটি বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। আগামীকাল থেকে সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে, যা আমাদের সিনেমার জন্য খুবই আনন্দের আর গর্বের।’
এরপর আবার কবে সিনেমা নির্মাণ করবেন এ প্রশ্নের জবাবে সুমন বলেন, ‘নতুন প্রজেক্ট নিয়ে এখনো ভাবছি। পরিকল্পনা আর স্ক্রিপটিং চলছে, বাকিটাও আশা করি হয়ে যাবে।’
ভারতে হাওয়ার পরিবেশক হিসেবে রয়েছে রিলায়্যান্স। এ সংস্থার কর্মকর্তা জেকে রায় ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘হাওয়া সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে। কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’
গত নভেম্বরে কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া ঘিরে বিপুল আগ্রহ তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা প্রেক্ষাগৃহের বাইরে সিনেমাটি দেখার জন্য লাইনে অপেক্ষা করেছেন দর্শক। সে প্রত্যাশা মেটাতে প্রদর্শন সংখ্যাও বাড়ানো হয়েছিল।
দেশে গত ২৯ জুলাই মুক্তি পায় হাওয়া। মুক্তির পর একটানা কয়েক মাস প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে সিনেমাটি। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল ও রিজভী রাজু অভিনয় করেছেন হাওয়ায়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডায় হাওয়া মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শোকেইস চেইনে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস থিয়েটারে টানা চতুর্থ সপ্তাহ সিনেমাটি দেখানো হয়। এর আগে রেকর্ড টানা তৃতীয় সপ্তাহ পর্যন্ত এ থিয়েটারে চলেছে ‘দেবী’। যুক্তরাষ্ট্রে প্রথম চারদিনে লেবার ডে উইকেন্ডে বক্স অফিসে ঝড় তুলে বক্স অফিস কমস্কোরের ইউএস টপচার্টে ২৭ নাম্বারে স্থান করে নেয় হাওয়া।










