নাটক, চলচ্চিত্র কিংবা ওটিটি প্লাটফর্ম—সব মাধ্যমেই নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শক ও সমালোচকের কাছে প্রশংসিত হয়েছেন। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করা এ অভিনেত্রী এবার ক্যামেরার পেছনে পরিচালনায় আসতে যাচ্ছেন।
নিজের লেখা গল্প দিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বাঁধন। এ বিষয়ে তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আছে। গল্প লেখার কাজ চলছে। ভালো একটা সময়ে পরিচালনার কাজটা শুরু করব।’
পরিচালনায় নিজের নাম লেখার বিষয়ে বেশ সিরিয়াস বাঁধন। তবে তাড়াহুড়ো করে নয়—উপযুক্ত সময় ও প্রস্তুতি নিয়েই এ যাত্রা শুরু করতে চান তিনি।
পরিচালনার পরিকল্পনার পাশাপাশি অভিনয়েও থেমে নেই বাঁধন। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। নির্মাতা ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় কাজ করার কথা নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। প্রথমবারের মতো বিএফডিসি ঘরানার কোনো পরিচালকের সঙ্গে কাজ করছেন বাঁধন, যা তার ক্যারিয়ারে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়।
নতুন এ কাজ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি যে ধরনের সিনেমায় কাজ করে আসছি এটা তেমন না। তবে আমি সব ধরনের কাজ করতে চাই এবং কাজের মধ্যে থাকতে চাই। আশা করছি এ সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে।’ ভিন্নধর্মী এ কাজের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে যাচাই করার সুযোগ হিসেবেই বিষয়টিকে দেখছেন তিনি।
বাঁধনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তার অভিনীত আরো দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে—‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ দুটি সিনেমা নিয়েও দর্শকমহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
এর মধ্যে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জেতে সিনেমাটি। অন্যদিকে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাঁধন। সিনেমাটিও ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, বাঁধন অভিনীত এ সিনেমা নিয়েও দর্শকের মধ্যে কৌতূহল রয়েছে।










