ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সারা দেশে উৎসবমুখর পরিবেশে হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিকতা। সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ও তারকারাও ভোটে অংশ দিচ্ছেন। তারা ভোটদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

নির্মাতা আশফাক নিপুণ ভোটদানের জন্য গিয়েছিলেন চট্টগ্রামে। তিনি ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সঙ্গে ইংরেজিতে একটি পোস্ট লিখেছেন। তিনি লেখেন, ‘ভোট সম্পন্ন। সকাল সাড়ে ৭টায় আসলাম আর সকাল ৮টা ১০ মিনিটে আমার পালা (লম্ব লাইনের কারণে) এল। চমৎকার আবহাওয়া, উৎসাহী ভোটার, আন্তরিক কর্মকর্তা— এর অংশ হতে পেরে সত্যিই ভাল লাগছে।’

অভিনেত্রী ও উপস্থাপিকা আইশা খান ভোটদানের পর দুটি ছবি পোস্ট করেছেন। একটি তার নিজের, অন্যটি আঙুলে অমোচনীয় কালির দাগসহ। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশী নাগরিক হিসেবে দায়িত্ব সম্পন্ন করলাম।’

ভোট দিয়েছেন আবুল হায়াত। সব সময়ই ভোট দিতে নাগরিকদের উৎসাহিত করে এসেছেন বর্ষীয়ান এ অভিনেতা। তার ভোট কেন্দ্র ছিল ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন তিনি এবং ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহও ভোট দিয়েছেন একদম সকালে। তিনিও আশফাক নিপুণের মতো একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। লিখেছেন, ‘একটি অবিস্মরণীয় দিন । আলহামদুলিল্লাহ।’