এপ্রিলের মাঝামাঝিতে শেষ হয়েছে নয়া মানুষ সিনেমার শুটিং। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এর চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।
২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়েছিল। তবে সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় ও কাজ বন্ধ হয়ে যায়। ৬ এপ্রিল আবার নতুন করে শুরু হয় এর শুটিং, যেটি শেষ হয় ১২ এপ্রিল। এখন চলছে এডিটিং ও মিউজিকের কাজ।
এবার নির্মাতা চমক দিলেন দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা নিয়ে। এ কবিতা থেকে নয়া মানুষের গান তৈরি করা হয়েছে, গানের শিরোনাম ‘মানুষ’। বেলাল খানের সুর ও কণ্ঠে গানটির সংগীত আয়োজন করেছেন শোভন রয়।
কবিতা থেকে গান তৈরি করার বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বয়াতি বলেন, ‘কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক দাদার সঙ্গে কাজ করার সুবাদে কবি নির্মলেন্দু গুণ দাদার সঙ্গে মেশার সুযোগ পাই। একদিন তাকে জানালাম, আমার প্রথম চলচ্চিত্রের জন্য গানের কথা প্রয়োজন, বিষয়বস্তু জেনে দাদা “পুরো মানুষের গান” কবিতাটি আমাকে দিয়ে বললেন “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পার, খুব ভালো হবে তোমার ছবির থিম সং”। বর্তমান বাংলা সাহিত্যের প্রধান কবি যে ভালোবাসা নয়া মানুষ চলচ্চিত্রকে দিলেন, তা আমাদের টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’ দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ গানটি নিয়ে বলেন ‘এ কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এ কঠিন কাজ করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী ও চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
এর সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান বলেন ‘কবিতাকে গানে রূপ দেয়া বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে আমি খুব আনন্দিত এ কারণে যে কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি এবং আমি পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস গানটি মানুষ অনেকদিন মনে রাখবে।’
শুরু থেকেই নয়া মানুষ সিনেমার গানগুলো নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বাড়তি নজর রেখেছেন। এর টাইটেল গান গেয়েছেন ফোক ধাঁচের গানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও বাউল শফি মণ্ডল। এছাড়া নয়া মানুষের মধ্য দিয়ে সিনেমার গানে অভিষেক হচ্ছে ‘নাসেক নাসেক’ কণ্ঠশিল্পী অনিমেষ রায়ের। গানটির কথা লিখেছেন সুজন হাজং, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা নয়া মানুষ। এতে আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী ঊষসী।










