আশুতোষ গোয়ারিকর পরিচালিত এবং আমির খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘লাগান’ মুক্তির ২৫ বছর পূর্তির প্রাক্কালে সামনে এসেছে একটি চমকপ্রদ তথ্য। সম্প্রতি পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, চলচ্চিত্রটি নির্মাণের আগে তার ঘনিষ্ঠ দুই নির্মাতা করণ জোহর ও আদিত্য চোপড়া সতর্ক করেছিলেন, ‘লাগান’ তার জন্য বড় ভুল হতে পারে।

আমির খানের মতে, তখন তারা তাকে একক শিডিউলে পুরো ছবির শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। তাদের ধারণা ছিল, এত বড় ও জটিল প্রজেক্ট একসঙ্গে শেষ করা ‘গোলমাল’ তৈরি হবে এবং পরিকল্পনা ভেঙে পড়তে পারে।

তিনি বলেন, একটি পার্টিতে দেখা হলে করণ জোহর ও আদিত্য চোপড়া তাকে সরাসরি বলেছিলেন, ‘তুমি বড় ধরনের ভুল করছো।’ তারা মনে করেছিলেন, এমন ঝুঁকিপূর্ণ কাঠামোর ছবির শুটিং একক শিডিউলে করা বাস্তবসম্মত নয়। তবে আমির খান নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং শেষ পর্যন্ত নিজের ‘গাট ফিলিং’ অনুসরণ করেন।

পরবর্তীতে আমির খান বলেন, ‘আজকে দেখা যাচ্ছে, করণ ও আদিত্য দুজনই সিঙ্ক সাউন্ড এবং সিঙ্গেল শিডিউল পদ্ধতিতে কাজ করছেন।’ তিনি ‘লাগান’-এ কাজ করাকে নিজের জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট বলেও উল্লেখ করেন।

‘লাগান’ মুক্তি পায় ২০০১ সালে এবং তৎকালীন বলিউড সিনেমার প্রেক্ষাপটে এটি ছিল একেবারেই ব্যতিক্রমধর্মী নির্মাণ। প্রায় চার ঘণ্টার দীর্ঘ সিনেমাটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়, যেখানে ক্রিকেট খেলার মাধ্যমে ব্রিটিশ শাসনের করের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে একদল গ্রামবাসী।

‘লাগান’-এর শুটিং গুজরাটে একটানা একটি শিডিউলে সম্পন্ন করা হয়, যা সে সময় বলিউডে প্রায় নজিরবিহীন ছিল। ছবিতে আমির খান অভিনয় করেন ভুবন চরিত্রে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন গ্রেসি সিং, কুলভূষণ খারবন্দা, রঘুবীর যাদব, রাজেন্দ্র গুপ্তসহ অনেকে। ব্রিটিশ চরিত্রে অভিনয় করেন র‍্যাচেল শেলি ও পল ব্ল্যাকথর্ন।

মুক্তির পর দেশ-বিদেশে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘লাগান’ ব্যাপক সমালোচক প্রশংসা অর্জন করে। ২০০২ সালে অস্কারে শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয় এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।