আজ ৩০ জুলাই মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্ণ হলো। ‘রাঙাতে এলো মাছরাঙা’— স্লোগান সামনে রেখে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নানামাত্রিক অনুষ্ঠান উপস্থাপন করে দর্শকপ্রিয়তা অর্জন করেছে তারা।

বর্ষপূর্তিকে ঘিরে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা। সকাল ৭টায় প্রচারিত হয় বিশেষ পর্বের ‘রাঙা সকাল’, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু। পরে সকাল ৮টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘তুফান’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা।

দুপুর ১২টা থেকে শুরু হয়েছে বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘১৪ বছর পূর্তি: মাছরাঙা টেলিভিশন’, যা চলবে বিকেল ২টা পর্যন্ত। সরাসরি সম্প্রচারিত এ আয়োজনে সংগীত পরিবেশন করছেন বাউল শফি মণ্ডলসহ আরও অনেকে।

সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘টেলিভিশন ও দর্শক’। দিন শেষে রাত সাড়ে ১০টায় থাকছে বিশেষ নাটক ‘শালিক বালিকা’। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।