ঢাকার মিরপুরে আজ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এক ব্যতিক্রমী সিনেমা-আড্ডা। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘২৪–এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নতুন করে দেখা গেছে, সেই স্বপ্ন বিনির্মাণের প্রাক্কালে সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, এই আয়োজনের মাধ্যমে ‘২৪–এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং ‘৭১–এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিপরীতে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পথ খোঁজার লক্ষ্যে আলোচনা ও আড্ডার ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর–১ নম্বরের অনুস্বর-এ। বিকাল ৫টায় পরিচয় ও প্রারম্ভিক আলাপের মাধ্যমে আয়োজন শুরু হবে। সাড়ে ৫টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু করার কথা রয়েছে।

আজকের প্রদর্শনী তালিকায় রয়েছে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড (৫:৩০ থেকে–৫:৫০)। এরপর দেখানো হবে জুলাই শহীদ জুলফিকার শাকিলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ডোন্ট প্যানিক, অর্গানাইজ (৫:৫০ থেকে–৬:১৫)।

সবশেষে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মাটির ময়না, নির্মাণ করেছেন তারেক মাসুদ (৬:৪৫ থেকে–৮:২০)। চলচ্চিত্র প্রদর্শনীর পর অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা, আড্ডা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক লড়াইয়ের পথ অনুসন্ধান নিয়ে মতবিনিময় হবে। চা–নাস্তার ব্যবস্থাও থাকবে, যা অংশগ্রহণকারীদের নিজস্ব ব্যবস্থাপনায়।

বৃহত্তর মিরপুরবাসী ও আগ্রহীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।