এ সিজনে আসছে দুরন্তর নিজস্ব প্রযোজনায় তৈরি দ্বিতীয় অ্যানিমেশন সিরিজ। পাশাপাশি নাটক, অনুষ্ঠান ও কার্টুন সিরিজসহ থাকছে নানা আয়োজন। দুরন্তর নিজস্ব অ্যানিমেশনে এবারের সিরিজিটির নাম ‘সবার বন্ধু টোটন’।
দুষ্টু মিষ্টি, একটু বোকা, একটু অলস আর দারুণ কৌতূহলী টোটনের গল্প নিয়ে এ সিরিজ। এ গল্পে টোটনের আলসেমি, দুষ্টুমি আর খানিকটা বোকামির সঙ্গে আছে ওর মা-বাবা-বোন, নানা-নানি, দাদা-দাদি। আর আছে ওর স্কুলের ও স্কুলের বাইরের অনেক মজার মজার বন্ধুরা। একশো টন উল্টাপাল্টা বুদ্ধি, হাজারো প্রশ্ন আর একটু বোকামি নিয়ে টোটন নিয়মিত ঘটায় নানা এলোমেলো কাণ্ড!
‘সবার বন্ধু টোটন’ দুরন্ত টিভির নিজেদের প্রযোজনায় তৈরি দ্বিতীয় অ্যানিমেশন সিরিজ। দেখা যাবে দুরন্ত টিভিতে ৩১ জুলাই থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টায়, বেলা ১টায়, বিকাল ৪টায় ও রাত ৮টায়।
এ সিরিজের মাধ্যমে দুরন্ত টিভি বিনোদনের পাশাপাশি শিশুদের কাছে পৌঁছে দিতে চায় কিছু বার্তাও। তবে এ আয়োজনেই শেষ নয় নতুন সিজন। আছে আরো অনেক আয়োজন।
৩৬তম সিজনে আরো দেখা যাবে দুরন্ত টিভির জনপ্রিয় নাটক ‘গুড্ডুবুড়া’। থাকছে ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’ ও ‘মা-বাবাই সেরা’। কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’ও আসছে আবার। কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’, ‘মায়া দ্য বি’, ‘হাইডি’, ‘মিয়া অ্যান্ড মি’, ‘ট্রি ফু টম’, ‘বিগ অ্যান্ড স্মল’, ‘কেট অ্যান্ড মিম মিম’, ‘সুইট লিটল মনস্টারস’ নিয়ে ফিরছে দুরন্ত। পাশাপাশি থাকছে গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে’, ‘বালু ছবির গল্প’, ক্র্যাফটিং নিয়ে অনুষ্ঠান ‘দি আর্ট রুম’। রান্নার অনুষ্ঠানও থাকে দুরন্তর আয়োজনে। এ সিজনেও থাকবে ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। এর মধ্যেমে শিশুদের নানা রকম রান্নায় আগ্রহী করে তোলা হয়। থাকছে নাটক ‘হাবলু গাবলু’, ‘শহর থেকে দূরে’। জাদু কে না পছন্দ করে? শিশুরা তো আরো বেশিই পছন্দ করে। তাদের জন্য দুরন্তর ম্যাজিক শো ‘সোনার কাঠি রুপার কাঠি’। আরো থাকছে পাপেট নাটক ‘খাট্টা মিঠা’ ও নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’।










