‘‌নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’  স্লোগানটি সামনে রেখে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির সদস্য মফিদুল হক, জালাল আহমেদ, চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, সাংবাদিক শ্যামল দত্ত, নির্মাতা ফাখরুল আরেফিন খানসহ আরো অনেকে। 

সংবাদ সম্মেলনে পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ১৪ জানুয়ারি বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য নিয়ে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘‌রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এ উৎসব ব্যাপক অবদান রাখছে বলে আমরা মনে করি। তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে সফল হয়েছে এ আয়োজন। সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলো সিনেমাপ্রেমীদের সামনে নিয়ে আসাই এ উৎসবের মূল লক্ষ্য। তিন দশকের বেশি সময় ধরে এ চলচ্চিত্র উৎসব চলছে। এ উৎসবের দুয়ার সবার জন্য উন্মুক্ত।’ 

চলচ্চিত্র উৎসবের জটিলতা নিয়ে তিনি জানান, করোনা পরবর্তী সময়ে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করতে গিয়ে আর্থিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে পরবর্তী সময়ে এ সংকট দূর হবে বলে তিনি আশাবাদী। 

তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করতে এবারই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে সারা দিনব্যাপী মাস্টার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীরা এ ক্লাসে অংশ নিতে পারবেন। 

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি সিনেমা দেখানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আট দিনব্যাপী উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, স্টার সিনেপ্লেক্সে এ উৎসবের সিনেমাগুলো প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।