বাংলা সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস নতুন করে আলোচনায় এসেছেন ব্যক্তিজীবনের সুখবর নিয়ে। সম্প্রতি আবার বিয়ে ও এক পুত্রসন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন তিনি।
দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামিয়া নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেন। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের পুত্রসন্তান জন্ম নেয়, নাম রাখা হয় জিবরান আনাম।
গণমাধ্যমকে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে জেমস বলেন, ‘এ অনুভূতি অসাধারণ! আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।’
জেমসের সঙ্গে নামিয়ার পরিচয় হয় ২০২৩ সালের জুনে, লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে। এক বছরের সম্পর্কের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এর আগে জেমস দুবার বিয়ে করেছিলেন—প্রথম স্ত্রী অভিনেত্রী রথির সঙ্গে ১৯৯১ সালে, এবং দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০০০ সালে। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক কন্যাসন্তান রয়েছে তার।










