এবার মরুর দেশ কাতারে গান শুনাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। সেখানে ঈদ উপলক্ষে আয়োজিত ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এ সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের একাধিক তারকা।
আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার, সানাইয়ায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে নগর বাউল-খ্যাত রকস্টার জেমসের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খানসহ আরও অনেকে।
কনসার্টটির আয়োজন করছে কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট। আয়োজকদের মতে, দেশের গণ্ডি পেরিয়ে জেমসের খ্যাতি ও জনপ্রিয়তা বহু আগেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। কাতারেও তার গানের ভক্ত-অনুরাগীর সংখ্যা ঈর্ষনীয়। জেমসের লাইভ কনসার্ট দেখার জন্য সব শ্রোতার প্রত্যাশা পূরণের জন্যই তাদের এই আয়োজন; যা আরও জমকালো করে তুলতে দেশের আর কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠ ও নৃত্যশিল্পীদের এই কনসার্টে যুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে জেমস আর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শক-শ্রোতার কাছে বর্ণাঢ্য করে তুলতে সব রকমের চেষ্টা করে যাচ্ছেন তারা। সে কারণে তারা আশা করছেন, ৭ জুন রাতটি হবে অবিস্মরণীয় এক সংগীতময় রাত।










