তার মতে, আধুনিক প্রযুক্তি, বিশ্বব্যাপী যোগাযোগ ও নতুন প্রজন্মের অসাধারণ প্রতিভার হাত ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রি এখন এক সোনালি ও বৈপ্লবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে শঙ্কর মহাদেবন ভারতীয় সংগীতের বৈশ্বিক জয়জয়কার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির গানের গ্রহণযোগ্যতা নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্বমঞ্চে দেশীয় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি দারুণ, কারণ ভারতীয় সংগীতশিল্পীরা বিশ্বমঞ্চে পারফর্ম এবং অত্যন্ত ভালো কাজ করছেন। তারা ভারতীয় সংগীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং একে বিশ্বব্যাপী জনপ্রিয় ও আকাঙ্ক্ষিত করে তুলছেন।’
৫৯ বছর বয়সী এ গুণী শিল্পী মনে করেন, ইন্টারনেটের সহজলভ্যতা পুরো পৃথিবীর দরজাকে যেমন আমাদের সামনে খুলে দিয়েছে, তেমনি ভারতের সমৃদ্ধ হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ও সংগীত ঐতিহ্যকেও পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক শ্রোতাদের হাতের মুঠোয়। এখন বিশ্ববাসী খুব সহজেই তাদের মোবাইলের মাধ্যমে ভারতীয় মার্গসংগীত বা লোকসংগীতের গভীরতা ও মাহাত্ম্য উপলব্ধি করতে পারছেন, যা আগে তাদের কাছে অনেকটাই অজানা ছিল।
প্রযুক্তির দ্রুত বিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে শঙ্কর মহাদেবন নতুন সম্ভাবনার কথা জানান। প্রথাগত বা ঐতিহ্যবাহী সুরের সঙ্গে আধুনিক প্রযুক্তির এ চমৎকার মেলবন্ধনে তৈরি হওয়া ফিউশনকে তিনি ‘অত্যন্ত শক্তিশালী’ বলে আখ্যা দেন। তার নিজের ব্যান্ড ‘শক্তি’র আন্তর্জাতিক সংযোগ এবং গ্র্যামি মনোনয়নকে তিনি এ সাফল্যের অন্যতম বড় বাস্তব উদাহরণ হিসেবে দেখেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, অদূরভবিষ্যতে ভারতীয় শিল্পীরা আরো অনেক বৈশ্বিক পুরস্কার অর্জন করতে সক্ষম হবেন।
সংগীত ইন্ডাস্ট্রি-সমর্থিত এবং শিল্পীদের দ্বারা পরিচালিত প্রথম সংগীত প্লাটফর্ম ‘গুনগুনাওলো’র কথা উল্লেখ করে মহাদেবন স্বাধীন সংগীত (ইন্ডি-মিউজিক) এবং যৌথ কাজের এক উজ্জ্বল ভবিষ্যতের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অরিজিৎ সিং, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, শঙ্কর-এহসান-লয়, প্রসূন জোশী, জাভেদ আখতারসহ আমরা সংগীতশিল্পীরা এ প্লাটফর্মে বিনিয়োগ করেছি। তাই ইন্ডি-মিউজিক ও যৌথ কাজ চলতেই থাকবে। ইন্ডি-মিউজিক এক নতুন উচ্চতায় পৌঁছবে।’
চলচ্চিত্রের গানের বর্তমান ট্রেন্ড, বা বারবার রিমিক্স তৈরির প্রবণতা নিয়ে শঙ্কর কিছুটা হতাশা প্রকাশ করেন। তবে তিনি বিশ্বাস করেন এটি সাময়িক একটি সংকট মাত্র।
সূত্র: হিন্দুস্তান টাইমস










