এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান।
এটি হবে জায়েদ খানের প্রথম পর্তুগাল সফর এবং প্রথমবারের মতো দেশটিতে মঞ্চে পারফরম্যান্স।
গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে।’
লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া আও ভিভোয় বিকাল ৫টায় শুরু হবে অনুষ্ঠান।
কনসার্টটির আয়োজন করছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শককে মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও পারফরম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।
এরই মধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি।










