কয়েক বছর ধরে সিনেমা ও ওটিটিতে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমনি। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া এ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তার। ওটিটিতে তার সর্বশেষ কাজ অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ। এরই মধ্যে নতুন কয়েকটি কাজেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। এবার চার বছর পর গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করছেন পরীমনি। ‘সেপারেশন’ শিরোনামের এ ওয়েব ফিল্মটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে।

রাজধানীর ৩০০ ফুট এলাকায় চলছে ফিল্মটির দৃশ্যধারণ। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর আবারো গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন পরীমনি। সেলিমের আগের দুই কাজেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। এবারো গতানুগতিক নায়িকা চরিত্রের বাইরে গিয়ে ভিন্ন ভূমিকায় পরীমনিকে হাজির করছেন নির্মাতা। নতুন কাজটিকে ঘিরে তাই দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতার ভাষায়, ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর পরীমনিকে নিয়ে ‘সেপারেশন’ শিরোনামের একটি ফিকশন নির্মাণ করছি। এটি মূলত ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য তৈরি হচ্ছে। এই ফিকশনে পরীমনির চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এটি তথাকথিত কোনো নায়িকা টাইপের চরিত্র নয়।

ফিকশনটির গল্পে পরীমনির পাশাপাশি আরো কয়েকজন অভিনেতা যুক্ত হয়েছেন। এতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নিরব হোসেনকে। গল্পের ধরন পুরোপুরি পরিষ্কার না করলেও এর মূল বিষয়টি কিছুটা স্পষ্ট করেছেন নির্মাতা। নাম থেকেই যে গল্পের কেন্দ্রীয় বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেটিও জানিয়েছেন তিনি।

নির্মাতা বলেন, ‘সেপারেশন’ নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি মূলত একটি দম্পতির বিচ্ছেদের গল্পকে কেন্দ্র করে নির্মিত। বর্তমানে ফিল্মটির শুটিং ও অন্যান্য কাজ চলছে। ফিল্মটির সব কাজ শেষ হলে এর মুক্তির তারিখ জানানো হবে।’

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই চরিত্র ধারণ ও তা পর্দায় রূপান্তরের বিষয়ে অনেক কিছু শিখেছেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন পরীমনি। এরপর ‘গুণিন’ সিনেমাতেও তার নির্দেশনায় কাজ করেন তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার পর এবার চার বছর বিরতিতে আবারো একই নির্মাতার সঙ্গে কাজ করছেন তিনি। ফলে ‘সেপারেশন’ তাদের আগের কাজগুলোর ধারাবাহিকতায় নতুন একটি সংযোজন হলেও গল্প ও চরিত্রের দিক থেকে এটি আলাদা অভিজ্ঞতা হতে যাচ্ছে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির পরিচালক রেজা ঘটক। পাশাপাশি সামছুল হুদার ‘গোলাপ’ ও লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ‘গোলাপ’-এ তার নায়ক নিরব হোসেন। অন্যদিকে ‘শাস্তি’ সিনেমায় তার সহশিল্পী চঞ্চল চৌধুরী।