সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মা সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান ও তার মায়ের গল্প দেখানো হয়েছে এতে। গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। এ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে পরিচালক অরণ্য আনোয়ার জানান, ‘মা সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায় আমি খুব খুশি। সেন্সর বোর্ডের সদস্যরা এর প্রশংসা করেছেন। সিনেমাটিতে ১৯৭০ ও ১৯৭১ সালের বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। সেন্সর পেলেও আমরা এখনো হাতে সেন্সরের সার্টিফিকেট পাইনি। এটা পেলেই আমরা এর মুক্তি নিয়ে বসব। আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা আপনাদের এ সিনেমার মুক্তির বিষয়ে জানাতে পারব। আলোচনা করে সবাইকে জানাব সিনেমাটি কবে হলে আসছে।’
অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা এটি। এ নির্মাতা এর আগে একাধিক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে অন্যতম ‘আমাদের নুরুল হুদা’। মাহফুজ আহমেদ অভিনীত নাটকটি দিয়ে দর্শকের আরো কাছে নিয়ে গিয়েছে অরণ্য আনোয়ার।
মা সিনেমা নিয়ে বণিক বার্তার কথা হয় জনপ্রিয় নায়িকা পরীমনির সঙ্গে। পরীমনি নিজেই এখন মা। চলতি বছরের ১০ আগস্ট পুত্র সন্তানের মা হন পরী। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলের জন্য এই সিনেমা পরীমনির জন্য আলাদা একটা আবেগের বিষয়ে পরিণত হয়েছে। ছবিটির সদ্য সেন্সর পাওয়া নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এ অভিনেত্রী। পরীমনি বলেন, ‘রাজ্যকে পেটে নিয়ে মা সিনেমার শুটিং করেছি আমি। এজন্য এটি আমার কাছে একটা আবেগের জায়গা, আমার জন্য অদ্ভুত সুন্দর একটা স্মৃতি। আমার সারা জীবন মনে থাকবে। আরো মজার কথা হচ্ছে আমি যখন হলে গিয়ে সিনেমাটা দেখব, তখন রাজ্য আমার কোলে থাকবে।’
সিনেমার গল্প নিয়ে বলতে গিয়ে পরীমনি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্লটে এটি করা হয়েছে। মা ও দেশ এ দুটি বিষয় নিয়েই এ সিনেমার গল্প। একটা প্রতীকী বিষয় আছে এতে। তবে এখন এর বেশি আর বলা যাবে না।’
মা সিনেমায় পরী ছাড়া আরো থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার। সিনেমাটি প্রযোজনা করছেন পুলক
কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। দেশের ইতিহাসের অন্যতম বিষয় মুক্তিযুদ্ধ। তাই প্রতি বছরই মুক্তিযুদ্ধের নানা ঘটনাকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করেন নির্মাতারা। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে বর্তমান সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সুদিন বইছে। এ সময়ে মা সিনেমা নতুন কোনো সংযোজন নিয়ে আসে কিনা, সেটি সিনেমা মুক্তির পরই জানা যাবে।










