মডেলিং, শিক্ষকতা ও সাংবাদিকতা—বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। এবার তার অর্জনের তালিকায় যুক্ত হলো সবচেয়ে বড় সাফল্য। ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসে ৭৩তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্যে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন জোহেইরি। প্রথা অনুযায়ী, বিজয়ীর নীল মুকুট তার মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। চূড়ান্ত পর্বের শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্ত পর্যন্ত এ ছয় দেশের প্রতিযোগীরাই মুকুটের দৌড়ে ছিলেন। এছাড়া নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ দর্শকের ভোটে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।

মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে ওঠার আগে জোহেইরি জিতেছিলেন নিজ দেশের সবচেয়ে বড় খেতাব মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫। সে জয়ের সুবাদেই বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। এবার সে সুযোগ কাজে লাগিয়ে জিতে নিলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতার মুকুট।

সৌন্দর্যের পরিচয়ের বাইরেও জোহেইরির রয়েছে বহুমুখী পরিচয়। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এ তরুণী পেশাদার মডেল হিসেবে পরিচিত। পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। সাহিত্য ও সমাজবিজ্ঞান পড়ান জোহেইরি।

সমাজসেবায়ও সক্রিয় তিনি। ভয়েসেস অব টুমোরো নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি জোহেইরি। আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক বিকাশ ও সামগ্রিক উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর এবার বিশ্বমঞ্চে আরো বড় দায়িত্ব পালন করবেন জোহেইরি। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি আন্তর্জাতিক বিউটি উইথ আ পারপাস প্রচারাভিযানের অন্যতম মুখ হিসেবেও কাজ করবেন তিনি।

সূত্র: বিবিসি