আগামী ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’-এর গালা রাউন্ড। এ রাউন্ডে মঞ্চে একসঙ্গে গান গাইবেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ফাহমিদা নবী তার নিজের গাওয়া জনপ্রিয় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, সামিনা চৌধুরী তার জনপ্রিয় গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গাইবেন। এছাড়া তারা দুই বোন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘নোঙ্গড় তোলো তোলো সময় যে হলো হলো’ গাইবেন। তবে এ তিন গান একই সঙ্গে গাইবেন তারা, এমনটাই নিশ্চিত করেছেন ফাহমিদা নবী। তিনটি গানের সংগীতায়োজনের দায়িত্ব সামিনা চৌধুরী দিয়েছেন সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী শানকে। তিনি বলেন, ‘শান খুব মন দিয়ে কাজটি করছে। আমার বিশ্বাস আমাদের দুই বোনের পারফরম্যান্স উপস্থিত অতিথিদের ভালো লাগবে।’
রিয়ালিটি শোকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমাদের দুই বোনকে নিয়ে এমন পরিকল্পনা করার জন্য বাংলাবিদ আয়োজকদের ধন্যবাদ। শানকেও ধন্যবাদ, যত্ন নিয়ে মন দিয়ে কাজটি করার জন্য।’ এদিকে সামিনা চৌধুরী প্রধান বিচারক হিসেবে কাজ করছেন চ্যানেল আইতে প্রচার চলতি রিয়ালিটি শো ‘সেরাকণ্ঠ ২০২৩’-এ। তার সঙ্গে আরো আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে আছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা।










