প্রায় দুই বছর পর এবারের ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির নাসির। গানটির শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’।
গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীত পরিচালনা করেছেন বিবেক মজুমদার। রেকর্ড ও মিক্সিংয়ের কাজ করেছেন সালমান জাইম। গানটির ভিডিও নির্মাণ করেছেন আজম বাবু ও রিপন নাগ। ভিডিওতে গানের সুর ও বক্তব্যের সঙ্গে দৃশ্যমান সাদৃশ্য রাখার চেষ্টা করা হয়েছে।
গানটির প্রসঙ্গে জিসান খান শুভ বলেন, ‘এ গানটি আমার খুব প্রিয়। সুরটা আগে থেকেই করা ছিল। প্রায় ২০ থেকে ২৫ দিন সময় নিয়ে পুরো কাজটি শেষ করেছি। সাব্বির নাসির ভাইকে সুর শুনিয়ে দিলে তিনি পছন্দ করেন। এরপর বিবেক ভাই সাউন্ড প্রযোজনায় যুক্ত হন। সাব্বির ভাই দারুণ গেয়েছেন। গানটি অবশেষে প্রকাশিত হওয়ায় আমি খুব খুশি।’
ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘৯৮ থেকে ২০০০ সালের পর এবার নতুন কোনো গানের ভিডিও করলাম। রক ফোক ধাঁচের এই গানটি সাব্বির দারুণ গেয়েছেন। অনেক সময় নিয়ে গ্রাফিক্স ও অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটি বানানো হয়েছে। রিপন প্রায় তিন হাজার ছবি তৈরি করে। সেখান থেকে বেছে নিয়ে আমি ভিডিওটি তৈরি করি। অনেক ছবি বাদও দিতে হয়েছে। নির্মাণের দিক থেকে বলতে পারি, এ ধরনের কাজ আগে হয়নি। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতারা ভিডিওটি পছন্দ করবেন।’
গানটি নিয়ে শিল্পী সাব্বির নাসির বলেন, ‘জিসান খান শুভর সুর ও কথা, আর বিবেক মজুমদারের অ্যারেঞ্জমেন্টে আমার নতুন গান ‘আমি যারে ভালোবাসি’ প্রকাশিত হলো। শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে দারুণ সাড়া পাচ্ছি।’
দীর্ঘ দুই বছর পর গানটি প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘ভিডিও তৈরির জন্য টাকা ছিল না। আমার বড় ভাই আজম বাবু গানটি শুনে নিজেই একটি অ্যানিমেশন নির্ভর ভিডিও তৈরি করে দেন। সবাই পছন্দ করছেন গান ও ভিডিওটি। গানটির সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে সালমান জাইম ও বিবেককে ধন্যবাদ জানাতে চাই। তাদের প্রচেষ্টায় গানটির ভয়েস ও সাউন্ডের অসাধারণ সমন্বয় হয়েছে। আমি আমার শ্রোতাদের বলতে চাই, গানটি হৃদয় দিয়ে শুনবেন, ভালো লাগবে।’










