সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনে একটি লেখায় অস্কারজয়ী এ নির্মাতা জানান, নতুন কোনো সিনেমা দেখলে সেটিকে খুঁটিয়ে সমালোচনা না করে থাকা তার পক্ষে এখন ‘প্রায় অসম্ভব’।
টারান্টিনো লিখেছেন, ত্রুটি, অবিশ্বাস্য প্লট, দর্শক তুষ্টির চেষ্টা, ভুল কাস্টিং কিংবা একেবারে নির্বোধ সব ব্যাপার—এসবই সাধারণত নতুন সিনেমাগুলোকে ডুবিয়ে দেয়। সেই স্বাদহীন ‘সসেজ ফ্যাক্টরি’ থেকে বেরোনো চলচ্চিত্রগুলো, যেটি একসময় নিজেকে হলিউড বলে পরিচয় দিত। আজকাল ‘সিনেমা’ বলতে কী বোঝায়, সে ধারণাটাই আমার মধ্যে প্রশ্ন জাগায়। উদারতার চেয়ে বেশি অবজ্ঞা তৈরি করে। সেটা অস্বাভাবিক নয়, কারণ গত ছয় বছরের সিনেমাগুলোর তুলনায় আশির দশকের সিনেমাও যেন ত্রিশের দশকের ক্ল্যাসিক যুগের মতো মনে হয়।
টারান্টিনো মূলত কভিড-১৯-পরবর্তী সিনেমাগুলোর প্রতি ইঙ্গিত করেছেন। তবে সব সিনেমাই যে তার খারাপ লেগেছে এমন না। তিনি বলেন, ‘এর পরও কিছু সিনেমা আমার ভালো লেগেছে—ওয়েস্ট সাইড স্টোরি (২০২১), হরাইজন: অ্যান আমেরিকান সাগা-চ্যাপ্টার ওয়ান ও টু (দুটিই ২০২৪ সালে মুক্তি পেয়েছে), আর কয়েকটি অন্য সিনেমা। কিন্তু এমন কোনো সিনেমা পাইনি, যা আমাকে পুরোপুরি নিজের জগতে টেনে নিয়ে গেছে, সেই জাদুকরী উপভোগের দেশে, যেখানে আমি নিয়মিত ভ্রমণ করতাম এবং যার কারণেই সিনেমাকে সব শিল্পমাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম। এখন বরং বই পড়তেই বেশি আগ্রহ পাই।’
তবে সম্প্রতি একটি সিনেমা টারান্টিনোর মনোযোগ পুরোপুরি ধরে রাখতে সক্ষম হয়েছে, সেটি হলো দ্য রিপ। জোয়ি কারনাহান এবং বেন অ্যাফ্লেক ও ম্যাট ড্যামন অভিনীত এ নেটফ্লিক্স ক্রাইম ড্রামাটি গত জানুয়ারিতে মুক্তি পায়। গল্পে দেখা যায়, মায়ামি-ডেড পুলিশ বিভাগের দুই কর্মকর্তা ২ কোটি ডলারের মাদক চক্রের অর্থকে ঘিরে নিজেদের বিভাগের ভেতরের দুর্নীতির সন্ধান পান।
সিনেমাটি সম্পর্কে টারান্টিনো লিখেছেন, সম্প্রতি একটি নতুন থ্রিলার দেখেছি, যা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। এটি একটি রোমাঞ্চকর পুলিশ-থ্রিলার, যার মূল ধারণাটি নতুন এবং বুদ্ধিদীপ্তভাবে তা বাস্তবায়ন করা হয়েছে। পুরো প্যাকেজটাই আমার ভালো লেগেছে—কারনাহানের পরিচালনা, অসাধারণ অভিনয়শিল্পীরা, সিনেমাটোগ্রাফার জ্যঁ মিগেল অ্যাজপিরজের ক্যামেরার কাজ—সবকিছুই চমৎকার। তবে এ ছবির সবচেয়ে শক্তিশালী দিক হলো কারনাহান ও মাইকেল ম্যাকগ্রেলের দুর্দান্ত চিত্রনাট্য।
বর্তমানে টারান্টিনো তার নতুন ড্রামা দ্য পপিঞ্জয় ক্যাভেলিয়ার নিয়ে কাজ করছেন। ২০২৭ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি










