প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাঙালি প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘আনন্দমেলা’। বাংলাদেশ থেকে একঝাঁক তারকা ছুটে যান সেখানে। পারফর্ম করেন, প্রবাসীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। প্রবাসীরা এর নাম দিয়েছেন ‘আনন্দমেলা’। এবার ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে এই আনন্দমেলার নবম পর্ব। যার পূর্ব প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।

এ উপলক্ষেই সম্প্রতি ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে হয় ‘আনন্দমেলা মিট এন্ড গ্রিট’। অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল এক খণ্ড তারার হাট। বিগত বছরগুলোতে যারা আনন্দমেলায় অংশ নিয়েছিলেন এবং যারা অংশ নিচ্ছেন তাদের অনেকেই সেখানে হাজির হয়েছিলেন। এর মধ্যে ছিলেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী আসিফ আকবর, চিত্রনায়ক ইমন, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, কণ্ঠশিল্পী লুইপা, কিশোর দাস, মিলন, অভিনেত্রী তানহা তাসনিয়া, পরিচালক অনন্য মামুন, সাজিন আহমেদ বাবু ও সাংবাদিক অনিন্দ্য মামুন, আল কাসির ও মাজহারুল তামিমসহ অনেকেই। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মিরাক্কেলের আবু হেনা রনি।

মূলত অনুষ্ঠানটি আয়োজন করেন ‘আনন্দ মেলা’ সংস্থার বর্তমান চ‍েয়ারম‍্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এ সময় তিনি আনন্দমেলার নবম পর্ব নিয়ে বিভিন্ন বিষয় শেয়ার করেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলসে বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন আনন্দমেলা। দুদিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশীদের জনসমুদ্রে পরিণত হয়। এ অনুষ্ঠান সবার জন‍্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ মূল‍্য নেই। বরাবরের মতো নবম আসরও থাকছে নানা আয়োজনে ভরপুর। ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

এছাড়াও থাকছে বিভিন্ন বাংলাদেশী পণ্য সামগ্রী, দেশী মুখরোচক খাবার ও দেশী পোশাকের কেনাকাটার সুবিধা। আনন্দমেলার মূল আকর্ষণ প্রবাসী তারকা শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের দ্বারা পরিবেশিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আনন্দমেলার নবম আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী প্রিতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাশ, মৌসুমী মৌ, কণ্ঠশিল্পী কণাসহ একঝাঁক তারকা।