কয়েকটি গল্প এগোচ্ছে গানের সঙ্গে। নিশান ও জেরিনের প্রেমের গল্প। তাদের বিরহের গল্প। আর গল্পটা মূলত আসন্ন ‘দাগি’ সিনেমার। ‘একটুখানি মন’ শিরোনামের গানে এভাবেই বলা হয়েছে নিশান-জেরিনের ভালোবাসার গল্প। আজ দুপুরে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার প্রথম গান। নিশান ও জেরিন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

WhatsApp Image 2025-03-20 at 15.41.30

আফরান নিশো ও তমা মির্জা

সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘একটুখানি মন’ শিরোনামের গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি লিখেছেন কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। আগেও তিনি শিহাব শাহীন ও সাজিদ সরকারের সঙ্গে কাজ করেছেন।

সাদাত হোসাইন জানান, তিনি কখনো গান লেখার চেষ্টা করেন না। তিনি লেখেন কবিতা, যা পরে শ্রোতাদের সামনে গান হয়ে আসে।

‘একটুখানি মন’ গানটি নিয়ে কণ্ঠশিল্পী মাশা ইসলাম বলেন, ‘সবাই চাইছিল গানটিতে যেন আমি কণ্ঠ দেই। আমিও ভাবলাম, গানটি ঠিকমতো রেকর্ড করে দেখি কী হয়। প্রথম শুনেই গানটির সুর খুব ভালো লেগেছে। তাছাড়া এটি ঈদের সিনেমার গান। সব মিলিয়ে আমারো আগ্রহ ছিল। চেষ্টা করেছি সেরাটা দিয়ে কাজটি করার।’

এ গানের মাধ্যমে ১০ বছর পর সিনেমায় আবার এক হলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার। ১ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের গানের ভিডিওতে সিনেমার কিছু নতুন দৃশ্য পাওয়া গেছে। যেখানে আফরান নিশো ও তমা মির্জাকে বেশ রোমান্টিক মুডে দেখা গেছে। কিছু দৃশ্যে ভিন্ন লুক ও নতুন পরিস্থিতিও প্রকাশ পেয়েছে। এর আগে ১১ মার্চ প্রকাশ পেয়েছিল সিনেমাটির টিজার।

এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ‘দাগি’ মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। নির্মাতার মতে, এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি।