বাংলাদেশের অন্যতম সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’। এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন হলো বিশেষ অনুষ্ঠান। ১১-১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীরা অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের দুই পরিচালক, বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তারা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎসবের দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

অনুষ্ঠানের শুরুতে নূপুর বেঁধে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মারিয়ম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। এ সময় দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ দর্শককে মুগ্ধ করে। ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত এ ব্যতিক্রমধর্মী পরিবেশনায় নৃত্যাঞ্চলের ৪০০-এর অধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।

আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত নৃত্যমালিকায় নৃত্যাঞ্চলের সিনিয়র শিল্পীদের পাশাপাশি ৩০০-এর বেশি শিল্পী অংশগ্রহণ করবেন।