সমকালীন পারিবারিক জীবন ও মানুষের গল্প নিয়ে নির্মিত নাটক দুটির নাম ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় বিরোধ ও রাত সাড়ে ৯টায় তবুও জীবন প্রচার হবে। দুটি নাটকেই সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপড়েন, মানবিক মূল্যবোধ ও জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।
বিরোধ রচনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। মামুন মাহমুদের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, ইমু শিকদার, সুব্রত চক্রবর্তী, শিবা শানু, মিলি বাসার, আরজুমান আরা বকুল, আজম খান, জুলফিকার চঞ্চল, তুষার মাহমুদ, ইসরাত জাহান, তারিক আজিজ নিশোকসহ আরো অনেকে।

বিরোধ একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের ভাঙন ও মানবিক মূল্যবোধের গল্প। অর্থ ও ক্ষমতার অহংকারে অন্ধ মির্জা কামাল নিজের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দেন। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর। প্রতিহিংসা, অবিশ্বাস ও সংঘাতের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা নিজেদের মানবিক সত্তা হারাতে থাকেন। তবে শেষ পর্যন্ত তারা উপলব্ধি করেন—ক্ষমতা বা প্রতিশোধ নয়, ভালোবাসা, ক্ষমা, পারিবারিক বন্ধন ও সঠিক মূল্যবোধই একটি পরিবারকে টিকিয়ে রাখার মূল শক্তি।
তবুও জীবন নাটকটি রচনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। মো. নাসির উদ্দিনের প্রযোজনায় এ নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কাজল মজুমদার, কবির টুটুল, সুমনা সোমা, প্রমা আজিজ, গোলাম রাব্বানী, রাশেদা চৌধুরী, সুজন হাবিব, সফিক খান দিলু ও দিলরুবা দোয়েল।
তবুও জীবন নাটকটি তিনটি ভিন্ন পরিবারের জীবনসংগ্রাম ও সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত। এতে শহরের একটি একক পরিবারের কর্মজীবী মা-বাবার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও একটি যৌথ পরিবারের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। সেই সঙ্গে টিকে থাকার সংগ্রাম এবং উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির নতুন জীবন গড়ে তোলার লড়াই নাটকটিকে আরো উপভোগ্য করে তুলেছে। জীবনের নানা বাস্তবতা, পারিবারিক দায়বদ্ধতা ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো এ নাটকের কাহিনীতে বিশেষভাবে স্থান পেয়েছে।










