ভারতের সিনেমা ও সিরিজের নিয়মিত মুখ রসিকা দুগল। ‘দিল্লি ক্রাইম’, ‘মান্টো’, ‘লুটকেস’, ‘শেখর হোম’-এ চমৎকার অভিনয় করেছেন। তবে তিনি পরিচিত হয়েছেন ‘মির্জাপুর’-এর বীণা চরিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে মির্জাপুরের চলচ্চিত্র সংস্করণ। এ সিনেমার প্রচার সূত্রে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রসিকা। একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নারীকেন্দ্রিক সিনেমাগুলো সহজে প্রযোজক পায় না।
এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে রসিকা দুগল জানান, তিনি নিয়মিতই শক্তিশালী নারী চরিত্রসমৃদ্ধ চিত্রনাট্য পান। কিন্তু পরবর্তী সময়ে এসব প্রকল্প প্রয়োজনীয় প্রযোজক সমর্থন পেতে সমস্যায় পড়ে। ভারতীয় সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেত্রী বলেন, ‘এআইয়ের সাহায্যে চিত্রনাট্য লেখার ধরন হয়তো বদলে যেতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় মূলত পরিবেশনার ক্ষেত্রে। প্রতিদিনই আমি অনেক চিত্রনাট্য পাই, যেখানে বেশ আকর্ষণীয় চরিত্র থাকে, গল্পের কেন্দ্রে থাকে নারীরা। কিন্তু এসব ছবির পেছনে প্রায়ই প্রযোজকদের সমর্থন থাকে না। যদি কোনোভাবে ছবিগুলো নির্মিত হয়ও, সেগুলো মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।’
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন রসিকা। চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে ভাবনা তৈরি ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রে সহায়ক প্রযুক্তি হিসেবে এআইয়ের ব্যবহার নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে রসিকা বলেন, ‘এআই ব্যবহারের ধারণার পক্ষে আমি খুব একটা নই। লেখালেখির ক্ষেত্রে এআইকে সহায়ক একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করি, কিন্তু মূল বিষয় হিসেবে নয়।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










