ফরিদা পারভীনের চলে যাওয়ার খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ফরিদা পারভীনের চলে যাওয়ার খবর আমাকে এতই শোকাহত করেছে যে, সত্যিই কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এমন একজন শিল্পীর জন্ম পৃথিবীতে খুব কমই হয়। আমি ভীষণ মর্মাহত।’

সাবিনা ইয়াসমিন আরও উল্লেখ করেন, ‘ফরিদা পারভীন সেই শিল্পী, যিনি লালন সংগীতকে শুধু আমাদের দেশে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার এ অবদান সত্যিই অমূল্য। পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের মনে তার গান অনন্য ছাপ রেখে গেছে। আমাদের দেশের লালন গানকে বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত করানো—এটা কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি বিশাল অবদান।’

তিনি আরো বলেন, ‘ফরিদা পারভীন একজন মহৎ মানুষ ছিলেন। আমি কামনা করি তিনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক, এটাই চাই।’