বাবা-মা চরিত্রে জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন তারা। সম্প্রতি দেশে ফিরেই এ শিল্পী দম্পতি নাটকের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে সাগর জাহানের নির্দেশনায় নির্মিত খণ্ড নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’-এর কাজ শেষ করেছেন তারা। নাটকটি রচনা করেছেন কামরুল আহসান। এতে আরো অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ইরফান সজ্জাদ ও পারসা ইভানা।

নতুন গল্পটি বেশ ভালো লেগেছে বলে জানান ফখরুল বাশার মাসুম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে ফিরেই টানা কাজে ব্যস্ত হয়ে উঠেছি। এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় রুমালে গাঁথা ভালোবাসা নাটকেরও কাজ শেষ করেছি। খুব সুন্দর গল্পের একটি নাটক। সাধারণত সাগর তো নিজের লেখা গল্প নিয়েই নাটক নির্মাণ করে। কামরুল হাসানের রচিত নাটকটির গল্প নিশ্চয়ই তার ভালো লাগায় এ গল্প নিয়ে কাজ করেছে।

আমরা শিল্পীরাও যথেষ্ট মন দিয়ে কাজটি করেছি। আমি নাটকে পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে নাটকটি বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রচারে এলে নাটকটি দর্শকের ভালো লাগবে।’

কানাডা থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়ার কথা জানান মিলি বাশার। তিনি বলেন, ‘৫০ দিন কানাডাতে ঘুরে বেড়ানো শেষে কিছুদিন আগেই দেশে ফিরলাম। দেশে ফিরেই আবারো কাজে ব্যস্ত হয়ে গেলাম। সাগর জাহানের কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি, মাসুম, ইরফান, পারসাসহ সবাই কাজটা বেশ মন দিয়ে করেছি। এখন নাটকটি প্রচারের অপেক্ষায় আমরা।’