অভিনয়ে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। সেজন্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই এবারের সিজনে দর্শক তাকে মিস করছে। অভিনেত্রী নিজেও সেটি অনুভব করছেন হাড়ে হাড়ে।

দূর পরবাসে ভেতরে জমে থাকা কিছু উপলব্ধি ভাগ করে নিয়েছেন পারসা। শুনিয়েছেন জীবনবোধের কথা। অভিনয়ে ফেরার আশ্বাস দিয়েছেন ভক্তদের।

আজ মঙ্গলবার (২৪ জুন) নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন পারসা। লিখেছেন, ‘আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূর দেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য। যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।’

এরপর তিনি লিখেছেন, ‘জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সকল দর্শককে ভালোবাসি।’

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরো কিছু নাটকে অভিনয় করে পারসা জয় করেছেন দর্শকের মন। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ড্যান্সারও।