দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে চিত্রনায়িকা পপি। সর্বশেষ তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। তবে এখন আর সিনেমায় ফিরতে চান না তিনি। তার এ সিদ্ধান্তের কারণে হাতে থাকা বেশ কয়েকটি সিনেমার কাজও আটকে গেছে। অভিনয়ে না ফিরলেও প্রযোজনায় ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

একসময় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন পপি। দীর্ঘ অভিনয়জীবনে বেশকিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি পেয়েছেন দর্শকের ভালোবাসা। ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্তমানে অভিনয়ের বাইরে থাকলেও নিজের অভিনয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে ভিন্নভাবে কাজ করার ইচ্ছা রয়েছে।

নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার ইচ্ছা আছে তার। সেই পরিকল্পনা এখনই বাস্তবায়ন নয়। সময়সাপেক্ষ ব্যাপার বলেই মনে করেন তিনি। বায়োগ্রাফির জন্য নিজেকে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বলেও জানান এ অভিনেত্রী। জীবনের গল্প পর্দায় তুলে ধরার ইচ্ছা থাকলেও এর জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি।

আজ এ অভিনেত্রীর জন্মদিন। ইচ্ছা ছিল এবার স্বামী-সন্তানকে নিয়ে দেশের বাইরে জন্মদিন উদযাপনের। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ফলে এবারো ঢাকাতেই জন্মদিন উদযাপন করছেন পপি। অভিনয়জীবনে জন্মদিন ঘিরে নানা আয়োজন থাকলেও সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটাতে চান।

পপি বলেন, ‘যখন ফিল্মে নিয়মিত কাজ করতাম তখন তো আসলে জন্মদিন বেশ আড়ম্বরপূর্ণ হতো। কীভাবে যে সময় চলে যেত টেরই পেতাম না। মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে যেতাম জন্মদিন নিয়ে কথা বলার জন্য এবং প্রাসঙ্গিক আরো অনেক কিছু নিয়ে। কিন্তু এখন আসলে অভিনয় থেকে দূরে। সংসার নিয়েই আমার যত ব্যস্ততা ও পরিকল্পনা। যে কারণে এখন জন্মদিন নিয়ে যত ভাবনা, তা শুধু পরিবারকে ঘিরেই। আমার স্বামী ও একমাত্র সন্তান আয়াতের সঙ্গেই আশা করছি সুন্দর সময় কেটে যাবে।’