রিচার্ড গিয়ার ও সিন্ডি ক্রফোর্ডের বিচ্ছেদের তিন দশকেরও বেশি সময় পার হয়েছে। এখন তাদের পরবর্তী সম্পর্কের সন্তানরা একসঙ্গে কাজ করছেন। খবর সিএনএন।
গত সপ্তাহে নিউইয়র্কে এফএক্সের নতুন সিরিজ ‘দ্য শার্ডস’–এর প্রিমিয়ারে লালগালিচায় ই! নিউজের সঙ্গে কথা বলেন হোমার গিয়ার ও কাইয়া গারবার। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং হলিউডের পারিবারিক উত্তরাধিকারের নতুন অধ্যায় নিয়ে কথা বলেন তারা।
রিচার্ড গিয়ারে এবং অভিনেত্রী ও মডেল কেরি লাওয়েলের ২৬ বছর বয়সী ছেলে হোমার গিয়ার। তিনি বলেন, ‘ব্যাপারটা সত্যিই মজার। শুটিং শুরুর আগে আমাদের কখনো দেখা হয়নি। শুটিংয়ের দুই সপ্তাহ আগে পুরো কাস্টের সঙ্গে একটি বারে দেখা হয়েছিল। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব।’
অন্যদিকে, ২৪ বছর বয়সী কাইয়া গারবার সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও র্যান্ডে গারবারের মেয়ে। এপি নিউজ জানতে চেয়েছিল, বাবা-মায়ের পুরোনো সম্পর্কের কারণে তিনি আগে থেকেই হোমারকে চিনতেন কিনা। জবাবে মজা করে তিনি বলেন, ‘কোন সম্পর্ক?’

রিচার্ড গিয়ার ও সিন্ডি ক্রফোর্ড ১৯৯১ সালে বিয়ে করেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়।
কাইয়া গারবার ই! নিউজকে বলেন, ‘হোমার ভীষণ মজার মানুষ। ও আমাকে এত হাসায়, আর অভিনয়ের জন্য ওর মতো ভালো সঙ্গী আর হয় না।’
‘দ্য শার্ডস’-এ অভিনয় হোমার গিয়ারের দ্বিতীয় বড় কাজ। এর আগে তিনি ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয় করেছিলেন। এখনো অভিনয় নিয়ে পরামর্শের জন্য তিনি প্রায়ই বাবা রিচার্ড গিয়ারের শরণাপন্ন হন।
তিনি বলেন, ‘এমন নয় যে কোনো দৃশ্য বাবাকে পাঠিয়ে জিজ্ঞেস করি, “আপনি হলে কীভাবে করতেন?” বরং আমি জানতে চাই, শুটিং সেটে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে এই পেশায় এমনভাবে এগোতে হয় যাতে তা নিজের জন্য ইতিবাচক হয় এবং সেরাটা দেয়া যায়।’
হোমার আরো বলেন, ‘শুটিং চলার সময় প্রায় প্রতিদিনই আমি বাবাকে ফোন করি। এই পেশায় নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তিনি আমার সবচেয়ে মূল্যবান পরামর্শদাতা। তাই তাকে পাশে পাওয়া আমার জন্য সত্যিই বিশেষ একটি বিষয়।’










