প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বিদ্যা সিনহা সাহা মীম। ২০১৬ সালে জোনাকির আলো ছবিতে অভিনয়ের মাধ্যমে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর তিনি দুই বাংলার অনেক ছবিতেই অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য নাটক ও টেলিফিল্মে। আলাপচারিতায় জানালেন ২০২০ সাল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সুসময় বয়ে আনবে...

এ মুহূর্তে কোন চলচ্চিত্রে কাজ করছেন?

রায়হান রাফির পরিচালনায় ইত্তেফাক ছবির কাজ করব। ছবির কাজ এখনো শুরু হয়নি।

ইত্তেফাক  ছবিতে আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই

চিত্রনাট্য এখনো হাতে পাইনি। তাই এ মুহূর্তে ইত্তেফাক ছবিতে আমার চরিত্র সম্পর্কে কিছু বলতে পারছি না। চিত্রনাট্য হাতে পাওয়ার পরই আসলে বিস্তারিত বলতে পারব।

এ ছবির পাশাপাশি অন্য কোনো ছবিতে কাজ করছেন কি?

তিনটি প্রজেক্টের কথা চলছে। যদি গল্প ভালো হয়, তাহলে অবশ্যই এগুলোয় কাজ করব।

আপনার নতুন কোন ছবি মুক্তির অপেক্ষায়?

সম্প্রতি পরাণ ছবির কাজ শেষ করেছি। এটিও রায়হান রাফির পরিচালনায়। ২০২০ সালের ভ্যালেন্টাইন ডের জন্য অপেক্ষা করছি। ভ্যালেন্টাইন ডেকে সামনে রেখে ছবিটি মুক্তি পাবে।

বাংলা ছবির বর্তমান হালচাল নিয়ে আপনার মতামত...

বাংলা ছবিতে আগের তুলনায় অনেক পরিবর্তন এসেছে। ২০২০ সাল অন্য রকম একটি বছর যাবে। আমি বলতে চাইছি, বাংলা ছবির জন্য খুব ভালো সময় যাবে। প্রচুর ছবি আছে, যেগুলো আগামী বছর মুক্তি পাবে।

আগামী বছর অনেকগুলো ছবি মুক্তির কথা বললেন, সব ছবিই কি মানসম্মত হবে? আপনার কী মনে হয়?

আগামী বছর যে ছবিগুলো আসবে, সবগুলোই আসলে ভালো ও মানসম্মত ছবি।

সম্প্রতি আপনাকে মঞ্চে কাজ করতে দেখা গেছে। মঞ্চের অভিজ্ঞতা কেমন ছিল?

মঞ্চে কাজ করার বিষয়টি ছিল মূলত উপস্থাপনার। অভিনয়ভিত্তিক উপস্থাপনা, যেখানে একটি গল্প ছিল। কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। তবে আমি একটু নার্ভাস ছিলাম। বড় বড় সংলাপ মনে রাখতে হয়েছে।

চলচ্চিত্রে আপনি নিয়মিত কাজ করছেন, এর পাশাপাশি নাটকে অভিনয় করছেন কি?

এর মধ্যে কোনো নাটকে কাজ করিনি। তবে একটি ওয়েব ফিল্মে কাজ করেছি। এটাও নির্মাণ করা হয়েছে ভ্যালেন্টাইন ডেকে মাথায় রেখে।

২০১২