রাজধানীর লালমাটিয়ায় ভূমি গ্যালারিতে শুরু হচ্ছে তিন শিল্পীর দলীয় চিত্রপ্রদর্শনী ‘কন্টিনাম’। এতে অংশ নিচ্ছেন চিত্রশিল্পী সিদ্ধার্থ তালুকদার, কারু তিতাস ও নাজমুল হক বাপ্পী। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ভূমি গ্যালারির লালমাটিয়া শাখায় প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থপতি, শিল্পী ও শিল্পানুরাগী মুস্তাফা খালিদ পলাশ। প্রদর্শনীতে তিন শিল্পীর তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও মিশ্র মাধ্যমে আঁকা মোট ৬০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। আজ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
আয়োজকদের ভাষ্য, ক্রমবর্ধমান অনিশ্চয়তা, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক ও নৈতিক সংকটের সময়ে সৃজনশীল চর্চাকে টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিল্পচর্চা শুধু শিল্পীর সৃজনশীলতার প্রকাশ নয়, একই সঙ্গে সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সাংস্কৃতিক ধারাবাহিকতা লালনেও ভূমিকা রাখে।
এ ভাবনা থেকেই ‘কন্টিনাম’ প্রদর্শনীকে শিল্পীসত্তার অবিচল পথচলা ও সৃজনশীল চিন্তার প্রকাশ হিসেবে তুলে ধরা হচ্ছে। তিন শিল্পীর কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা ও উদ্ভাবন, ঐতিহ্য ও সমকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সংলাপ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।










