মুম্বাইয়ে বুধবার অনুষ্ঠিত হলো ৬২তম মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস। এ আয়োজনে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ সম্মাননা পেয়েছেন রানী মুখার্জি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলারসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
ভারতীয় চলচ্চিত্রে রানীর অবদান এবং মুম্বাই ও মহারাষ্ট্রের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়েছে। মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা এ অভিনেত্রীর চলচ্চিত্র ক্যারিয়ার বিস্তৃত কয়েক দশকজুড়ে।
সম্মাননা গ্রহণের সময় মহারাষ্ট্রের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেন রানী। ব্যক্তিগত ও পেশাগত জীবনের যাত্রায় এ রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে মহারাষ্ট্র শুধু একটি রাজ্য নয়। মহারাষ্ট্র আমার জন্মভূমি। আমার কর্মভূমি। আর আমার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ।’
মুম্বাই তার জীবনে কী ভূমিকা রেখেছে, সে প্রসঙ্গে রানী বলেন, ‘মুম্বাই আমাকে পরিচয় দিয়েছে। আমাকে দর্শক দিয়েছে। আমাকে ক্যারিয়ার দিয়েছে। আর মুম্বাই আমার ঘর, আমার নিরাপদ আশ্রয়, আমার সবকিছু। তাই এ পুরস্কার আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা করে নেবে। কারণ যখনই আমি এ পুরস্কারের দিকে তাকাব, শুধু একটি পুরস্কার দেখব না—দেখব আমার মুম্বাই, আমার মহারাষ্ট্রকে।’
ক্যারিয়ারে বেছে নেয়া চরিত্রগুলোর কথাও স্মরণ করেন রানী। তিনি বলেন, ‘সিনেমার মাধ্যমে ভারতের নারীদের প্রতিনিধিত্ব করার জন্য সবসময় নীরবে কাজ করে গেছি। আমি এমন চরিত্র বেছে নিয়েছি, যেগুলোকে সত্য বলে মনে হয়েছে। যেসব গল্প, যাত্রা ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার শক্তি আমাকে সহজাতভাবে আকৃষ্ট করেছে, সেসব চরিত্রে অভিনয় করেছি।’
বক্তব্যের শেষে রানী বলেন, ‘আমি কখনো সিনেমাকে শুধু একটি পেশা হিসেবে দেখিনি। আমার কাছে সিনেমা একটি গভীর আবেগ। মহারাষ্ট্র সেই আবেগের ঘর।’
সূত্র: বলিউড হাঙ্গামা










