এবার তিনি নির্মাণ করলেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’। নাটকটির রচনা ও পরিচালনা দুটোই করেছেন মুহিন খান নিজে। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে টানা কয়েক দিনের শুটিং শেষে সম্প্রতি নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), আ খ ম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহি।
নাটকটি নিয়ে দিলারা জামান বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণের সময়টা আবার ফিরে এসেছে। যে কারণে এখন আগের চেয়ে বেশি কাজে ব্যস্ত থাকতে হয়। ভালো ভালো গল্পেই নাটক নির্মিত হচ্ছে।’
মুহিনের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুহিনের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। মুহিন গল্প লেখে সুন্দর। নির্দেশনার কাজটাও ভীষণ যত্ন নিয়ে করে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’
নাটকের গল্প ও অভিনয় নিয়ে তার ভাষ্য, ‘কর্মফল নাটকের মূল বার্তাই হলো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটা সবার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। নাটকে সবাই খুব আন্তরিকতা নিয়ে অভিনয় করেছে। প্রত্যেক চরিত্রে অভিনয় করা শিল্পীরা যখন নিজের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে ভীষণ মনোযোগ দেয়, তখন পুরো কাজটিই আসলে অনেক ভালো হয়। কর্মফল নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
নির্মাতা মুহিন খান বলেন, ‘সিনিয়র শিল্পী থেকে শুরু করে এ সময়ের শিল্পীরা কর্মফলে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে যাকে যাকে এ নাটকে নেয়া দরকার তাকেই নিয়েছি। ইরফান সাজ্জাদ আমার নির্দেশনায় প্রথম কাজ করলেন, তিনি তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এছাড়া বড়দা মিঠু, মিঠু আপা, হাসান ভাই, দীপা আপা, মাহি সবাই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। আমি আমার নাটকটি নিয়ে খুব আশাবাদী। নাটকটি শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।’










