‘মহারাজা’র সিকুয়াল ‘মহারাজা ২’ নিয়ে ফিরছেন বিজয় সেতুপতি। সিনেমাটির গল্পও তাকে শুনিয়েছেন পরিচালক নিথিলন সামিনাথন। পাশাপাশি মহারাজার হলিউড পুনর্নির্মাণের খবর নিয়েও কথা বলেছেন এ অভিনেতা। নিজের আগামী সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে হলিউড রিমেক নিয়ে প্রশ্ন করা হয় বিজয়কে। এ সময় তিনি জানান, রিমেকে অভিনয়ের সুযোগ পেলে পারিশ্রমিক ছাড়াই কাজ করতে রাজি আছেন। হলিউডে অভিনয়ের ইচ্ছা অনেক দিনের বলেও জানান তিনি। মহারাজা ২ প্রসঙ্গে বিজয় বলেন, ‘সম্প্রতি আমি প্রযোজককে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, স্যার, শুনছি ছবিটি হলিউডে রিমেক হচ্ছে। খবরটা কি সত্যি? আমি এ-ও বলেছিলাম, আমাকে ছবিতে একটা চরিত্র দিন, আমি বিনা পারিশ্রমিকেই অভিনয় করব। শুধু একটা চরিত্র দিলেই আমি সেখানে চলে যাব। এটা আমার কাছে দারুণ বিস্ময় ও আনন্দের বিষয়।’