উৎসবের অরিজোন্তি (হরাইজন) বিভাগে মনোনয়ন পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় মনোনয়ন ঘোষণা শুরু হয় এবং ৩টা ৩৫ মিনিটে উৎসব সভাপতি আলবের্তো বারবেরা সিনেমাটির নাম ঘোষণা করেন।
এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিসে নির্বাচিত হয়েছিল, যেটিও প্রযোজনা করেছিল রুবাইয়াতের প্রতিষ্ঠান খনা টকিজ, যা এবারো সহপ্রযোজক। ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘মেড ইন বাংলাদেশ’-এর পর এটি রুবাইয়াতের চতুর্থ সিনেমা। রুবাইয়াত বলেন, ‘সিনেমাটি ভেনিসে সাবমিট করার ক’দিন পরই জানতে পারি, এটি ভেনিসের আয়োজকরা পছন্দ করেছেন। এটা ছিল আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অসাধারণ একটি খবর। কিন্তু কোন শাখায় সিনেমাটির প্রিমিয়ার হবে, সেটা নিয়ে কিছুই বলেনি। এটা নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে জানতে পারি, সিনেমাটি উৎসবে অফিশিয়াল শাখা হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে।’
এর আগে কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, যা ছিল কানের অফিশিয়াল শাখায় বাংলাদেশের প্রথম মনোনয়ন। ১৯৩২ সালে যাত্রা শুরু করা অরিজোন্তি বিভাগ তরুণ ও প্রতিভাবান নির্মাতাদের চ্যালেঞ্জিং গল্পের সিনেমা তুলে ধরে। হাজারো সিনেমা থেকে এবার ১৯টি নির্বাচিত হয়েছে, যার মধ্যে আছে পশ্চিমবঙ্গের অনুপর্ণা রায়ের ‘লাভারস ইন দ্য ব্লু নাইট’; গতবার তার ‘সংস অব ফরগটেন ট্রিজ’ এ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিল।
বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারকে ঘিরে মনস্তাত্ত্বিক হরর ঘরানার এ সিনেমায় নারীর সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়ের গল্প বলা হয়েছে। জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট ও ইউইমেজেস থেকে আর্থিক সহায়তাপ্রাপ্ত সিনেমাটি পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত; বৈশ্বিক ডিস্ট্রিবিউশনের দায়িত্বে সিনেমা বুটিক।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, সঙ্গে আছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। আগামী ২-১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় উৎসবে লাল গালিচায় হাঁটার পর সিনেমাটি নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে ঘুরতে চান রুবাইয়াত।










