সম্প্রতি তাদের এক ফ্রেমে দেখা গেল। লস অ্যাঞ্জেলেসে শনিবার রাতে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন তারা। ১৯৯৮ সালের কাল্ট ক্ল্যাসিক সিনেমার প্রদর্শনীতে হঠাৎই হাজির হন সিনেমাটির দুই প্রধান তারকা।
ফরএভার সেমেটারিতে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শক এসেছিলেন জাদুময় এক সন্ধ্যা আর বিখ্যাত ‘মিডনাইট মার্গারিটা’ উদ্যাপনের প্রত্যাশায়। তবে স্যালি ও গিলিয়ান চরিত্রের অভিনেত্রীদের সরাসরি উপস্থিতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
ছবিতে স্যালি ওয়েন্সের চরিত্রে অভিনয় করা স্যান্ড্রা বুলক দর্শকের উদ্দেশে বলেন, ‘আজ রাতে এখানে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সিনেমাটি দেখানোর জন্য একটি কবরস্থানের চেয়ে উপযুক্ত জায়গা আর হতে পারে না। এখানে ভেসে বেড়ানো আত্মাদেরও ধন্যবাদ জানানো উচিত, কারণ আপনারা আসলে তাদের আসনেই বসে আছেন।’
গিলিয়ান ওয়েন্স চরিত্রের নিকোল কিডম্যান যোগ করেন, ‘দ্বিতীয় সিনেমাটি নির্মাণ সম্ভব করার জন্য আপনাদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা। এবার আমি এ গল্পের নতুন প্রজন্মকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই।’
এরপর মঞ্চে যোগ দেন জোয়ি কিং ও মেইসি উইলিয়ামস। দুজনের হাতেই ছিল মার্গারিটার গ্লাস। তারা ওয়ার্নার ব্রাদার্সের বহুল প্রতীক্ষিত সিকুয়ালে স্যালির প্রাপ্তবয়স্ক দুই মেয়ে কাইলি ও অ্যান্টোনিয়ার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জোয়ি কিং বলেন, ‘মেইসি আর আমি কাইলি ও অ্যান্টোনিয়ার চরিত্রে এ কভেনের অংশ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। সিনেমাটি বানাতে আমরা যেমন আনন্দ পেয়েছি, আশা করি আপনারাও তেমনই উপভোগ করবেন।’
‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ পরিচালনা করেছেন সুজানে বিয়ার। সিনেমাটি আবারো দর্শককে নিয়ে যাবে চাঁদের আলোয় মোড়া দুষ্টুমি, পারিবারিক উত্তরাধিকার আর শক্তিশালী জাদুর এক জগতে। এবার ওয়েন্স বোনদের মুখোমুখি হতে হবে সে অন্ধকার অভিশাপের, যা তাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










