নাটক দিয়ে যাত্রা শুরু করে ওটিটি হয়ে বড়পর্দায় পা রেখেছেন তিনি। ‘বনলতা এক্সপ্রেস’-এর পর তাকে সর্বশেষ দেখা গেছে ‘রকস্টার’ সিনেমায়। এবার ওটিটিতে ফিরছেন সাবিলা, তবে একেবারেই ভিন্ন ধরনের চরিত্র ও গল্প নিয়ে।
আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই কনটেন্টে একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া নানা বিচিত্র ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। হাস্যরসের আবহ থাকলেও উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধ বোধের মতো বিষয়ও। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান।
নতুন এ কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। নিজের চরিত্র ও গল্পের বৈচিত্র্য নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। বনলতা এক্সপ্রেস ও রকস্টার-এর পর “ফাইসা গেছি” আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি, দর্শকও কাজটি উপভোগ করবেন।’
নাটক থেকেই তার অভিনয়জীবনের শুরু। সেই শিকড়ের কথা উল্লেখ করে সাবিলা বলেন, ‘আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশকিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। নাটক, ওটিটি ও সিনেমা—এ তিন প্লাটফর্মের প্রস্তুতি তিন রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।’
এদিকে নতুন একটি সিনেমাকে ঘিরেও সম্প্রতি আলোচনায় এসেছেন সাবিলা নূর। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন তিনি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তার ভাষ্য, নতুন এ প্রকল্পে সাবিলা নূরকে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।










