আয়নাবাজি খ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ওয়েব সিরিজ নির্মাণ করেও পেয়েছেন প্রশংসা। গত ৪ নভেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পায় তার সর্বশেষ পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পর থেকেই দেশ ও দেশের বাইরের দর্শকের আলোচনায় পরিণত হয়েছিল সিরিজটি। নতুন খবর হলো এটি এবারের সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ওয়েব সিরিজ হিসেবে পুরস্কার জিতেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনেন নির্মাতা ও হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৌভিক দাশগুপ্ত। 

এ বিষয়ে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হইচইয়ের পক্ষ থেকে সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বোধ জমা দেয়া হয়েছিল। প্রতিযোগিতায় অনেক ওয়েব সিরিজ জমা পড়েছিল। সবশেষে বোধের এ অর্জন তো অবশ্যই ভালো লাগার মতো। এ প্রাপ্তি আনন্দের।’

এটি হইচইয়ের সঙ্গে অমিতাভ রেজার দ্বিতীয় কাজ। ২০১৯ সালে হইচইয়ের জন্য ‘ঢাকা মেট্রো’ নামের একটি সিরিজ নির্মাণ করেছিলেন তিনি। গত বছর বোধ মুক্তির পর দুই বাংলার দর্শকের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল। কবে আসছে বোধের পরবর্তী অংশ, এ নিয়ে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘আমি জানি না এখনো। হইচই এ নিয়ে আমাকে এখনো কিছু জানায়নি। হইচই থেকে সবুজ সংকেত পেলেই এর পরবর্তী সিকুয়ালের কাজ শুরু করব।’

আলমগীর হোসেন নামের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কেন্দ্র করে বোধের গল্প। নিজের বিচারবোধ নিয়ে শুরু থেকেই আলমগীরের অগাধ আস্থা থাকলেও অবসরের পর নানা ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। এ থেকেই নিজের বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন তিনি। একপর্যায়ে বিবেকের দংশন থেকে সত্যের উদঘাটন করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি  ও তার মেয়ে শ্রাবন্তি। এর সঙ্গে যুক্ত হন পুলিশ কর্মকর্তা এহসান।

ওয়েব সিরিজ বোধে অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। বিশেষ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। শ্রাবন্তি চরিত্রে সারা আলম ও এহসানের ভূমিকায় শাহজাহান সম্রাট অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন রওনক হাসান, রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, খায়রুল বাসার, সাঈদ বাবু প্রমুখ। 

বোধ নিয়ে কথা হয় অভিনেতা শাহজাহান সম্রাটের সঙ্গে। তিনি বলেন, ‘হইচই বাংলাদেশের সৌভিক দাদার সঙ্গে আমি সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিষয়ে কথা বলেছিলাম। এরপর ওয়েব সিরিজ ক্যাটাগরিতে বোধ যায়। বোধের এ অর্জন নিয়ে আমি অনেক খুশি। অনেক ভালো লাগছে নতুন অর্জনের জন্য।’ 

এর পরবর্তী অংশ নিয়ে কথা বলতে গেলে শাহজাহান সম্রাট বলেন, ‘এ ওয়েব সিরিজে আমি এহসান হয়ে অনেক চ্যালেঞ্জ নিতে চাই। যদি বোধের পরবর্তী পর্বে আমি থাকি, তাহলে সেটা খুব আনন্দের হবে। বোধের গল্পের চরিত্রগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার এহসান চরিত্রটা প্রাণ পেয়েছে। একটা চরিত্র যখন জীবন্ত হয়ে যায়, তখন সেটা নিয়ে আরো বেশি কাজ করার সুযোগ থাকে। আর বোধ এখন দর্শকের মনে একটা অবস্থান তৈরি করেছে। যদি বোধের একাধিক সিজন আসে, তবে আমি সেগুলোয়ও কাজ করতে চাই।’

এ সিরিজের চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিন ফারুক আমিন। চিত্র-নির্দেশনা করেছেন তুহিন তামিজুল ও সংগীত নির্দেশনায় ছিলেন আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।

অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী নতুন ওয়েব সিরিজ ‘গল্পের ঘর বাড়ি’ নিয়ে ব্যস্ততায় রয়েছেন। ফেব্রুয়ারিতে এ নির্মাতার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন তিনি।