ঢাকাই সিনেমার পরিচিত মুখ জাহারা মিতু। কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু মিতুর। গত বছর রুপালি পর্দায় অভিষেক হয়েছে তার। গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এতে মিতুর বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। যেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি এ অভিনেত্রী ‘জার্সি নম্বর ১৬’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নারী ক্রিকেটারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। সিনেমায় মিতুর বিপরীতে আছেন আবু হুরায়রা তানভীর। এতে নারী ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে মিতুকে। 

সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। রাজধানীর কলাবাগান মাঠে চলছে জার্সি নম্বর ১৬-এর শুটিং। এ নিয়ে জাহারা মিতু বলেন, ‘শুটিং শুরু হওয়ার আগে থেকেই প্র্যাকটিস করছি। মাঠপর্যায় থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, অনুশীলন করা এখন আমার প্রতিদিনের কাজ। সময় পেলেই মাঠে দৌড়াচ্ছি, খেলোয়াড়দের বডি মুভমেন্ট খেয়াল করছি। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। দর্শকের ভালো লাগলেই আমার এই চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে।’

প্রত্যন্ত গ্রামের এক নারীর ক্রিকেটার হয়ে ওঠার সংগ্রামের গল্প নিয়েই সিনেমা জার্সি নম্বর ১৬। এ সিনেমার শুটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে মিতু বলেন, ‘ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা, আর মাঠে ন্যানো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয়া যে আকাশ-পাতাল পার্থক্য, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। স্যালুট তাদের, যারা পেশা হিসেবে ক্রিকেটের মতো কষ্টসাধ্য কাজকে বেছে নেন। কেননা শারীরিক ও মানসিক পরিশ্রমের এক অদ্ভুত মিশ্রণ হলো ক্রিকেট।’ বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেজে জার্সি নম্বর ১৬ নিয়ে বিভিন্ন পোস্ট করছেন এ অভিনেত্রী। সিনেমাটার চরিত্র হয়ে উঠতে বেশ কসরত করতে হচ্ছে তাকে। বাদ যাচ্ছে না মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতাও, যার আভাস নায়িকা নিজেই দিচ্ছেন বিভিন্ন পোস্টে।

সুপার মডেল বাংলাদেশ প্রতিযোগিতা-২০১৭তে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে গ্ল্যামার জগতে প্রবেশ করেন অভিনেত্রী জাহারা মিতু। নাটক ও উপস্থাপনার পর  অল্প সময়েই একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ‘দ্য ডল-ডেথ অব লিভিং লিজেন্ড’ সিনেমায় জিয়াউল রোশানের বিপরীতে দেখা যাবে মিতুকে। রাজনৈতিক থ্রিলার নিয়ে সিনেমাটি নির্মিত। এতে রোশানের চরিত্রের নাম আবীর। যাকে দেখা যাবে সমসাময়িক একজন রাজনৈতিক নেতার চরিত্রে। আর জাহারা মিতুর চরিত্রের নাম ফারিন।

আসন্ন ঈদুল ফিতরে জাহারা মিতুর ‘আগুন’ ও ‘শত্রু’ সিনেমা দুটি মুক্তির সম্ভাবনা রয়েছে। বদিউল আলম খোকনের আগুন সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে মিতুকে। সুমন ধর পরিচালিত শত্রুতে মিতুর বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী।